দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মুর্শিদাবাদের ফরাক্কার কাছে রেললাইনের নীচে ধস নামার পরে কাটতে চলেছে প্রায় দু’দিন। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। উল্টে একই জায়গায় বার বার ধস নামার কারণে বৃহস্পতিবারের পরে শুক্রবারও বিঘ্নিত পরিষেবা। উত্তরবঙ্গে যাতায়াতকারী প্রায় ২৫টি ট্রেন বাতিল হয়েছে। পূর্ব রেল দাবি করেছে, আজ সকাল থেকেই পরিষেবা স্বাভাবিক হবে। যদিও আজ ১৫টি ট্রেন বাতিলের ঘোষণা তাদের তরফে ইতিমধ্যেই করা হয়েছে। যে ট্রেনগুলি শুক্রবার উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হতে পারেনি, মূলত সেগুলিই আজ ও পাশ থেকে বাতিল থাকছে।
ক্রিকেটে আজ আবার ভারত-পাকিস্তান লড়াই। মেয়েদের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি দুই দেশ। প্রথম দু’টি ম্যাচে সহজেই তাইল্যান্ড এবং হংকংকে হারিয়েছেন স্মৃতি মন্ধানা-হরমনপ্রীত কৌরেরা। সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। এটি গ্রুপে ভারতের শেষ ম্যাচ। পাকিস্তান প্রথম ম্যাচে তাইল্যান্ডকে হারালেও খুব সহজে জিততে পারেননি ফতিমা সানারা। আজ হারলে শেষ চারে যাওয়া কঠিন হয়ে যাবে পাকিস্তানের। খেলা রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
নেপালের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তথ্য অনুযায়ী, ত্রিশূলী নদীর উপত্যকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে। ত্রিশূলী শহর থেকে এটি অন্তত ১৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মাটির নীচে একটি বিরাট পাওয়ারহাউস তৈরি করা হয়েছিল। সেখানে পৌঁছোনোর জন্য খোঁড়া হয়েছিল সুড়ঙ্গ। প্রায় চার কিলোমিটার দীর্ঘ সেই সুড়ঙ্গেই আটকে ছিলেন শ্রমিকেরা। আরও কয়েক জন আটকে আছেন বলে মনে করা হচ্ছে। দু’জনকে বার করার সময় সুড়ঙ্গের ভিতর থেকে আরও গলার স্বর শোনা গিয়েছে। এক ব্যক্তি সুড়ঙ্গ থেকে বেরোনোর পর নেপালি সেনার মেডিক্যাল টিমকে জানিয়েছেন, আরও তিন থেকে চার জন ভিতরে রয়েছেন। তাঁদের সঙ্গে কথাবার্তাও বলা যাচ্ছে। কিন্তু কত ক্ষণে তাঁদের উদ্ধার করা যাবে, আদৌ সময়ে সেই কাজ সম্পন্ন হবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। রাসুয়ার লাংটাং খোলা জলবিদ্যুৎ প্রকল্পে অবশ্য ত্রিশূলীর মতো কোনও ‘অসাধ্যসাধন’ হয়নি। সেখানে সুড়ঙ্গে ১৫০ মিটার এগিয়ে সেনাবাহিনী দু’জন শ্রমিকের দেহ উদ্ধার করেছে। ভিতরে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। ওই প্রকল্পে ৪১ জন কাজ করছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত নেপালে ১২৫৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ৫০৫৩ জন এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে অনেক ভারতীয় পর্যটকও রয়েছেন।