দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। তার আগে সকালে বারুইপুর যাবে বিজেপির প্রতিনিধিদল। দলে থাকবেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র। বাইপুরের ঘটনায় খুনের সঙ্গে গণধর্ষণের মামলাও যোগ হয়েছে। ঘটনায় ধৃত তিন জনের মধ্যে দু’জনকে ১৪ দিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। তৃতীয় জনকে আজ আদালতে হাজির করানো হবে। কী ঘটেছিল, মোটিভই বা কী, ধৃতদের জেরা করে যাবতীয় তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ইন্দোনেশিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-প্রশান্তসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী নয়াদিল্লি। সেই লক্ষ্যেই সোমবার ত্রিদেশীয় সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার পর যাবেন অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডে। সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘প্রভাব বৃদ্ধির’ চেষ্টা চালাচ্ছে চিন। সোমবারই তারা পরমাণুশক্তি চালিত ডুবোজাহাজ থেকে পরীক্ষামূলক ভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তা নিয়ে ইতিমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সফরকালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্বকাপ ফুটবলে আজ শেষ হবে প্রি-কোয়ার্টার ফাইনাল রাউন্ড। নিশ্চিত হয়ে যাবে শেষ দুই দল হিসেবে কারা যাবে কোয়ার্টার ফাইনালে। শুরুতে পরীক্ষা লিয়োনেল মেসিদের। প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। খেলা রাত ৯:৩০ থেকে। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। নামছে সুইৎজ়ারল্যান্ড ও কলম্বিয়া। এই ম্যাচ রাত ১:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে। অন্য দিকে, আজ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। দুর্বল আয়ারল্যান্ডের কাছে ০-২ ফলে হারার পর শ্রেয়স আয়ারের দল ইংল্যান্ডের বিরুদ্ধেও হেরে সিরিজ়ে পিছিয়ে রয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে হেরেছে ভারত। এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। আজ খেলা রাত ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা থাকলেও, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ঝড়বৃষ্টি বাড়বে। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে।