Advertisement
E-Paper

পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। নেপাল। মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ক্যামাক স্ট্রিট: শুনানি ও হাজিরা। নজরে কী কী

দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৪টেয় মিলন মেলা প্রাঙ্গণে ওই বৈঠক হবে। তার আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকেও বসবেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৪টেয় মিলন মেলা প্রাঙ্গণে ওই বৈঠক হবে। তার আগে দুপুরে মন্ত্রিসভার বৈঠকেও বসবেন মুখ্যমন্ত্রী। এ দিন বিকেলে শুভেন্দুর বৈঠকে কী কী বিষয় উঠে আসে, সে দিকে তাকিয়ে রয়েছে পুজো কমিটিগুলিও। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান দিয়েছিল পূর্বতন সরকার। কমিটিপিছু দেওয়া হয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা করে। শুধু অনুদান নয়, বিগত সরকার পুজো কমিটিগুলিকে একাধিক প্রশাসনিক সুবিধা ও আর্থিক ছাড় দিত। নতুন সরকার ক্ষমতায় আসার পরে এই বিষয়গুলির ক্ষেত্রে নীতি কী হবে, তা স্পষ্ট হতে পারে আজ।

দিল্লিতে মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় নজরদারির অভাবের অভিযোগ উঠেছে। এই দুর্ঘটনার জন্য অনিয়ন্ত্রিত নির্মাণের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির মালিক এবং দিল্লির পুর কর্তৃপক্ষের ‘উদাসীনতা’ নিয়েও সরব তাঁরা। স্থানীয় সূত্রে খবর, বাড়িটির মালিকের নাম আনন্দ বনসল। তিনি গুরুগ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। দুর্ঘটনার পরেও তাঁর খোঁজ মেলেনি। হস্টেলবাড়ি বিপর্যয়ে ইতিমধ্যে একটি এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ। বাহিনীর সাত-আটটি দল মিলে ওই হস্টেলবাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে। প্রায় ৫০ বছরের পুরনো ওই বাড়ির ধ্বংসস্তূপের নীচে কত জন চাপা পড়ে রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, কংক্রিটের স্তূপের নীচে ৪০-৫০ জন আটকা পড়ে থাকতে পারেন। দুর্ঘটনায় রবিবার রাত পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে।

নেপালে এখনও পর্যন্ত ১,৩৪৪ জনের দেহ উদ্ধার হয়েছে। পাঁচ হাজার জন এখনও নিখোঁজ। বিপর্যয়ের পরে ১১ দিন কেটে গিয়েছে। কাদাস্তূপ সরিয়ে যে দেহ উদ্ধার হচ্ছে, তা আর শনাক্ত করার মতো অবস্থায় নেই। তবু আশা নিয়ে উদ্ধারকাজ চলবে সোমবারও।

আজ কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। শেষ যে ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল, তা হল ডুরান্ডের ফাইনাল। মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। সুতরাং বাগানের কাছে বদলার ম্যাচ। ইস্টবেঙ্গল চাইবে, আগের ম্যাচের ছবিই ধরে রাখতে। কলকাতা লিগের ডার্বি হলেও দু’দলই সিনিয়র দলের কিছু ফুটবলার খেলাতে পারে। এই ম্যাচের উপর অবশ্য লিগের ভাগ্যের কিছু বদল হবে না। দু’দলই সুপার সিক্সে উঠে গিয়েছে। মোহনবাগান জিতলেও পয়েন্ট তালিকায় তিন নম্বরেই থাকবে। তবে ইস্টবেঙ্গল জিতলে বা ড্র করলে ভবানীপুরকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করবে। আজ বিকেল ৫টা থেকে বারাসত স্টেডিয়ামে হবে খেলা। সরাসরি দেখা যাবে নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।

ক্যামাক স্ট্রিটের দলীয় অফিস থেকে বিলবোর্ড খুলে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। কলকাতা পুরসভার ওই পদক্ষেপের বিরুদ্ধে গত সপ্তাহে তারা শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে। আজ ওই মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে। অন্য দিকে, ওই দিনের অশান্তির ঘটনায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করেছে পুলিশ। সোমবার বেলা ১২টা নাগাদ তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে, একই মামলায় তলব করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকেও। তাঁকে বুধবার বেলা ১২টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু হুমায়ুন পুলিশকে জানিয়েছেন, তিনি সোমবারই দুপুর দেড়টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেবেন।

২০২৭ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার সামগ্রিক পরিচালনা, পরিকল্পনা ও দিক্‌নির্দেশের জন্য ২৪ সদস্যের একটি পরামর্শদাতা বোর্ড গঠন করেছে রাজ্য সরকার। সোমবার বিকেল ৩টেয় সল্টলেকের ইজ়েডসিসি-তে এই বোর্ডের সদস্যেরা সাংবাদিক বৈঠক করবেন।

রাজ্যে এখনও সক্রিয় মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েক জেলায় মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে। তার পরে সেখানে হাওয়াবদলের সম্ভাবনা।

News of the Day Suvendu Adhikari Durga Puja Nepal Kolkata Derby Camac street Abhishek Banerjee Kolkata International Book Fair

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy