দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন
খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বারুইপুর কাণ্ডে আরও এক জনকে আটক করেছে সিট। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আগেই ধৃত তিন জনের থেকে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রিপোর্ট চেয়েছেন ডিজির থেকে। রবিবারের তাণ্ডবের ঘটনায়ও কাউকে রেয়াত করা হবে না বলে জানিয়েছেন।
কলকাতার রাস্তায় বুধবার তৃণমূলকে মিছিল করার অনুমতি দিলেও বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাই কোর্ট। মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন খোলা রাখতে হবে। মিছিলের সময়ও বেঁধে দিয়েছে হাই কোর্ট। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে ১,০০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না।
বুধবার ইন্দোনেশিয়া সফর শেষ করে অস্ট্রেলিয়া যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১০ জুলাই, শুক্রবার পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। ৯ জুলাই মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে কর্মসূচি রয়েছে মোদীর। সফরকালে মেলবোর্নের গভর্নর জেনারেল স্যাম মোস্টিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মোদীর অস্ট্রেলিয়া সফরে নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা ইত্যাদি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দু’দেশের অংশীদারি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
বুধবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদহ ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।