Advertisement
E-Paper

উত্তরবঙ্গ সফরে শুভেন্দু। দিল্লির মেস বাড়ি ভেঙে পড়া পরবর্তী পরিস্থিতি। রাজ্যের আবহাওয়া। নজরে কী কী

কালিম্পং টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৪

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরসূচি অনুযায়ী, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি কালিম্পঙের উদ্দেশে রওনা দেবেন তিনি। বাগডোগরা থেকে হেলিকপ্টারে কালিম্পং যাওয়ার কথা থাকলেও আবহাওয়া প্রতিকূল হলে সড়কপথে যাওয়ার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কালিম্পং টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা ও নোমান রাই। কালিম্পং সফর শেষ করে আজই শিলিগুড়ির উত্তরকন্যায় ফিরবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের মেগা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় ছাত্রদের মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি হাই কোর্ট। রবিবারের সত্য নিকেতন মেসবাড়ি বিপর্যয় প্রসঙ্গে সোমবার আদালতের পর্যবেক্ষণ— ‘সাতজনের প্রাণহানির দায় শুধু মেসবাড়ির মালিকের মধ্যেই সীমাবদ্ধ না-ও থাকতে পারে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবং পুরকর্তৃপক্ষের উপরও তা বর্তাতে পারে’। মোতিবাগে রবিবার পড়ুয়াদের পাঁচতলা মেসবাড়ি ভেঙে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনাকে ঘিরে শোরগোল শুরু হতেই নড়েচড়ে বসেছেন বিজেপি পরিচালিত দিল্লি পুরসভা (এমসিডি) কর্তৃপক্ষ। জানানো হয়েছে, দিল্লিতে চারতলার চেয়ে উঁচু সমস্ত ধরনের অবৈধ নির্মাণ জরুরি ভিত্তিতে ‘সিল’ করা হবে। কর্তব্যে গাফিলতির অভিযোগে পাঁচ পুরকর্তাকে সাসপেন্ডও করা হয়েছে। অন্য দিকে, ভেঙে পড়া সেই পাঁচতলা মেসবাড়ির মালিক হরিরাম বনসলকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত কোন পথে?

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অশান্তির ঘটনায় আবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করেছে পুলিশ। আজ বেলা ১২টা নাগাদ তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যামাক স্ট্রিট কাণ্ডে এই নিয়ে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ডেরেককে। এর আগে গত বুধবার এই মামলায় সমন পেয়ে শেক্সপিয়র থানায় হাজিরা দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে— পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া। এ ছাড়া, বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই।উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

News of the Day Suvendu Adhikari delhi university Delhi Municipal Corporation Abhishek Banerjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy