দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আজ প্রথম বার মুর্শিদাবাদ জেলায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ওই জেলায় মুখ্যমন্ত্রীর তিনটি কর্মসূচি রয়েছে। তাঁর জেলা সফর শুরু হবে বহরমপুর সাংগঠনিক জেলা ‘কোর কমিটি’র সদস্যদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। বহরমপুরে একটি বেসরকারি হোটেলে দুপুর ২টো থেকে সাড়ে ৩টে পর্যন্ত ওই বৈঠক রয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি, সাংগঠনিক জেলা ইনচার্জ, সাধারণ সম্পাদক, বহরমপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত বিজেপি বিধায়ক, এক প্রাক্তন সাংগঠনিক জেলা সভাপতি-সহ উপস্থিত থাকবেন বিজেপি নেতা নির্মল সাহা এবং যাদবেন্দ্র পাণ্ডে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন বহরমপুর রবীন্দ্রসদনে। বেলা সাড়ে ৪টে পর্যন্ত সেখানে তিনি প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূলের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আজ বিকেলে কলকাতার বোট ক্লাবে ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হবে। চেয়ারম্যান অরূপ রায়ের নেতৃত্বে এই বৈঠক হবে বলে জানানো হয়েছে। প্রথম দিনের বৈঠক শেষে শনিবার বোট ক্লাবে আবারও মিলিত হবেন ওয়ার্কিং কমিটির নেতারা। তবে ওই দিন বোট ক্লাবের বৈঠকে দলীয় বিধায়ক এবং দলের গুরুত্বপূর্ণ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবারের বৈঠককে এক্সটেন্ডেড কমিটির বৈঠক নাম দেওয়া হয়েছে। জুন মাসে নিউটাউনের এক পাঁচতারা হোটেলে বৈঠক করে নিজেদের ওয়ার্কিং কমিটি গঠন করেছিলেন তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর নেতারা। সেই কমিটিকে সক্রিয় করতে এই বৈঠকটি হবে।
বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি স্পেন এবং বেলজিয়াম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে স্পেন। তারা কি পারবে শেষ চারে যেতে? না কি দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে বেলজিয়াম? খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রিদেশীয় সফরের শেষ পর্ব শুরু হচ্ছে আজ থেকে। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া সফরের সেরে আজ তিনি যাচ্ছেন নিউ জ়িল্যান্ডে। দু’দিনের এই সফরের আগে ফের আলোচনায় উঠে এসেছে খলিস্তানপন্থীদের প্রসঙ্গ। এই দ্বীপরাষ্ট্রে খলিস্তানপন্থী এবং তার সমর্থকেরা সক্রিয় বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়। নয়াদিল্লিও বিদেশে সক্রিয় খলিস্তানপন্থী গোষ্ঠীগুলির কার্যকলাপ নিয়ে বিভিন্ন বন্ধুদেশের কাছে বার বার উদ্বেগ প্রকাশ করেছে। এ অবস্থায় মোদীর সফরের মুখে খলিস্তানপন্থীদের বিষয়ে মুখ খুলেছেন নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন। নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, ‘খলিস্তান-বিতর্ক’ ভারতের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। তিনি এ-ও জানান, বাগ্স্বাধীনতা রক্ষা করলেও তাঁর সরকার এই বিষয়ে খলিস্তানপন্থীদের কোনও ধরনের ভীতি প্রদর্শন, হিংসা বা অন্য অপরাধমূলক আচরণ বরদাস্ত করবে না।
সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। সেই সঙ্গে কোমর বেঁধেছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ পড়শি রাজ্যে সরে গেলেও ওই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন দুর্যোগ চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের কয়েক জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তাল হতে পারে সমুদ্র।
নতুন করে যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনে কুয়েত, বাহরিন এবং কাতারে হামলা চালাল ইরান। নিশানা করা হয়েছে পশ্চিম এশিয়ায় আমেরিকার আর এক মিত্ররাষ্ট্র জর্ডনকেও। জবাবে ইরানের প্রায় ১০০টি লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড (সেন্টিকম)। তাতে নিহত হয়েছেন অন্তত ১৫ জন।