দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ দিনভর একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি যোগ দেবেন বিধানসভার এক দিনের বিশেষ অধিবেশনে। আজই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। বিধানসভার কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী যাবেন নবান্নে। নবান্ন সভাঘরে বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম, উন্নয়নমূলক প্রকল্প এবং বিভিন্ন বিধানসভা এলাকার বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। এর পর কৌশিকী অমাবস্যা উপলক্ষে আজ কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা ভবানীপুরের বিধায়কের।
১৪ বছর পর আবার দলীপ ট্রফি জয়ের সামনে পূর্বাঞ্চল। ঈশান কিশন-বৈভব সূর্যবংশীদের চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা। চতুর্থ দিনের শেষে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে পূর্বাঞ্চল ৫৮৪ রানে এগিয়ে, হাতে ৫ উইকেট। এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে পূর্বাঞ্চল। আজ শেষ দিনের খেলা শুরু সকাল ১০টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে আজ। তার প্রভাবে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি বাড়বে। একাধিক জেলায় আজ ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।