দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
চার দিনের মাথায় আজ ফের বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করার কথা তাঁর। তার পরে তিনি বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন। গত মঙ্গলবার বারুইপুরে ধর্ষণের পর খুন হওয়া কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সে দিনই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে এলাকায় পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানানো হয়েছিল। আজ তারই উদ্বোধন করবেন শুভেন্দু।
একটি সংস্থার কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস কর্মসূচিতে ডানকুনিতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে এসেই রাজ্যে লগ্নি টানা এবং শিল্পায়নের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন শুভেন্দু। ইতিমধ্যে আদানি-গোষ্ঠী-সহ একাধিক সংস্থার সঙ্গে রাজ্য সরকারের কথাবার্তা এগিয়েছে। সেই প্রেক্ষাপটে আজকের কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে অভিমত প্রশাসনিক ও রাজনৈতিক মহলের অনেকের। তা ছাড়া ডানকুনি হুগলি জেলার অন্তর্গত। এই জেলাতেই সিঙ্গুর। ফলে সে দিক থেকেও শিল্প সম্প্রসারণের কর্মসূচিতে শুভেন্দুর অংশগ্রহণ উল্লেখযোগ্য।
বিশ্বকাপ ফুটবলে আজ রাত ও কাল ভোর মিলিয়ে ঠিক হয়ে যাবে চার সেমিফাইনালিস্ট কারা। শেষ দু’টি কোয়ার্টার ফাইনাল হয়ে যাবে। ভাগ্য নির্ধারিত হয়ে যাবে দুই অন্যতম ফেভারিট আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। আজ রাতে নামছে হ্যারি কেনের ইংল্যান্ড। বিপক্ষে নরওয়ে। খেলা রাত ২:৩০ থেকে। কাল ভোরে পরীক্ষা লিয়োনেল মেসির আর্জেন্টিনার। লড়াই সুইৎজারল্যান্ডের সঙ্গে। খেলা ভোর ৬:৩০ থেকে। দু’টি খেলাই দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
আরও অন্তত চার দিন কলকাতায় এমন বৃষ্টি চলবে। দক্ষিণের ছয় জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) চলতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
‘বিদ্রোহী’ তৃণমূলের রাজ্য ও জেলা কমিটি ঘোষণা হবে আজ। কলকাতার বোট ক্লাবে আজ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘বিদ্রোহী’ তৃণমূলের কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিন। সেই বৈঠকে যোগ দিতে আসবেন বিদ্রোহী তৃণমূলের সব বড় নেতা।