দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ কলকাতায় ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাতেই রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এর পর দুপুর ১২টা নাগাদ অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। রথটি হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বসু রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহরু রোড এবং আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে। রথযাত্রাকে ঘিরে ভক্তদের ব্যাপক সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কারণে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আজ আবার দেশের জার্সিতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। আজ জিতলে সিরিজ জিতে যাবেন শুভমন গিলেরা। শ্রেয়স আয়ারের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি দল খুবই খারাপ খেলেছে। ইংল্যান্ডের কাছে তো সিরিজ হেরেইছে, তার আগে আয়ারল্যান্ডের কাছেও হারতে হয়েছে। এক দিনের সিরিজে জয়ে ফিরেছে ভারত। খেলা বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও চার দিন। উত্তরেও দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টি চলবে। এই মুহূর্তে বৃষ্টি কমার সম্ভাবনা নেই সেখানে।