দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
রাজ্যের নতুন সরকার ১০০ দিন পূর্ণ করছে মঙ্গলবার। প্রথম ১০০ দিনে কোন কোন উল্লেখযোগ্য কাজ হল, তা বিশদে তুলে ধরতে রাজ্য প্রশাসনের অন্দরে প্রস্তুতি সারা। দফতর ধরে ধরে কাজের হিসাব তৈরি করা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। সোমবার পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোড়া প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। রঘুনাথপুরে একটি ইস্পাত কারখানার শিলান্যাস করবেন। অন্য দিকে, মানবাজার এলাকায় জাইকা-সহায়তায় তৈরি পানীয় জল প্রকল্পেরও সূচনা করার কথা রয়েছে তাঁর। ওই কর্মসূচি থেকে তাঁর সরকারের প্রথম ১০০ দিনের কর্মকাণ্ড নিয়ে বলবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী হয়েছেন বর্ষীয়ান নেতা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও সে দিকেই ইঙ্গিত করছে। তবে প্রশ্ন উঠছে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন আশিস? যদি আত্মহত্যা করে থাকেন, কারণ কী? রাজনৈতিক প্ররোচনা কি রয়েছে? থাকলেও সেটা কতটা? এ ছাড়া আর কী কারণ থাকতে পারে? উত্তর খুঁজছে পুলিশ।
সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে ‘যোগ্য’ মহিলাদের অ্যাকাউন্টে। ১০ হাজার টাকার বেশি আয় করেন, এমন কোনও মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। একই ভাবে বার্ষিক পারিবারিক আয় ১২ লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হবে। জমির মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। সাতটি পুরনিগম এলাকার কোনও বাসিন্দার ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়া হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ করা হয়েছে। তার পর চলেছে ঝাড়াইবাছাই। অবশেষে সোমবার এই প্রকল্পের মাসিক তিন হাজার টাকা পাবেন ‘যোগ্য’ উপভোক্তারা।
দুর্নীতির অভিযোগে প্রাথমিকের শিক্ষক পদে ৩২ হাজার চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ ওই রায়ের উপর স্থগিতাদেশ দেয়। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এর আগে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ ওই মামলায় নোটিস জারি করেছিল। আজ সেখানে পুনরায় শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে সোমবার। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে সোমবার প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
আজ শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টেস্টের তৃতীয় দিন। দ্বিতীয় দিনও বৃষ্টির কারণে খেলায় ব্যাঘাত ঘটেছে। দেবদত্ত পডিক্কলের ১৬৭ রান ও ধ্রুব জুরেলের অর্ধশতরানের জেরে দ্বিতীয় দিনের শেষে ভারত তুলেছে ৯ উইকেটে ৪৬০ রান। অর্থাৎ, তৃতীয় দিনের শুরুটাও ভারতীয় ব্যাটারেরা করবেন। তার পর বোলারদের পালা। যে ভাবে বৃষ্টি ব্যাঘাত ঘটাচ্ছে তাতে এই টেস্ট জিততে হলে প্রথম ইনিংসে বড় লিড নিতে হবে ভারতকে। সকাল ১০টা থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনিলিভ অ্যাপে। আজ পুরুষদের হকি বিশ্বকাপে ভারত মুখোমুখি ইংল্যান্ডের। প্রথম ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়েছে ভারত। ইংল্যান্ডকে হারাতে পারলে তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নেবেন হরমনপ্রীত সিংহেরা। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু খেলা। দেখা যাবে স্টার স্পোর্টস খেল চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে আজ নামছে মোহনবাগান। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। যুবভারতীতে ঘরের মাঠেই নামবেন পানাজিয়োটিস দিমপেরিসের ছেলেরা। বিকেল ৪টে থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং সোনিলিভ অ্যাপে।