দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের
দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
তিন দিনের সফরে শুক্রবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বারের সফরে তাঁর একগুচ্ছ সরকারি কর্মসূচি রয়েছে। তবে কোনও ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নেই। শনিবার সকালে শিলিগুড়িতে বিএসএফ-এর ‘প্রহরী সম্মেলনে’ যোগ দেবেন শাহ। তার পরে উত্তরকন্যায় জোড়া বৈঠক রয়েছে তাঁর। প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের নতুন ফৌজদারি আইন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। বর্তমান পরিস্থিতিতে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কয়েক দিন আগেই রাজ্যে গুন্ডাদমন আইন কার্যকর করেছে শুভেন্দুর সরকার। নতুন সরকারের জমানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-ও কার্যকর হয়েছে। এ অবস্থায় শনিবারের বৈঠক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে আজ এমন একটি ম্যাচ, যা নিয়ে উৎসাহ সবচেয়ে কম থাকে। ফুটবলারেরাও এই ম্যাচের জন্য নিজেদের কতটা উদ্বুদ্ধ করতে পারেন, তা নিয়ে সন্দেহ থাকছে। আজ তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি। এই ম্যাচের অবশ্য বিরাট গুরুত্ব রয়েছে ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রে। মোট আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে যুগ্ম ভাবে শীর্ষ স্থানে রয়েছেন লিয়োন্ল মেসি এবং কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এমবাপে আজ গোল করার সুযোগ পাবেন। মেসি সুযোগ পাবেন রবিবারের ফাইনালে। খেলা রাত ২:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।
নিম্নচাপ অঞ্চল এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বৃষ্টি চলছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সক্রিয় বর্ষাকালীন অক্ষরেখাও। সপ্তাহান্তে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও কিছু দিন। তবে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে দুর্বল হচ্ছে। ফলে আগামী সপ্তাহে বৃষ্টি কমতে পারে।