দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ। তার জেরে গত দু’দিন টানা বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। ফুঁসছে বহু নদী। জলমগ্ন বিভিন্ন এলাকা। উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে বহু মানুষ ঘরছাড়া। তাঁদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর সরকারের মন্ত্রীরা। বেশ কিছু সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে ওই মামলার শুনানি রয়েছে। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে।
জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগে শীর্ষ আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলেছিল। একই সঙ্গে জানিয়েছিল, সুমিতকে গ্রেফতার করা যাবে না। আজ সুমিতের মামলায় সুপ্রিম কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে জেতার মতো জায়গায় ভারত। শুভমন গিলেরা এই ম্যাচ জিততে না পারলে সেটাই হবে অঘটন। আজ শেষ দিন শ্রীলঙ্কাকে জিততে গেলে তুলতে হবে আরও ২৮৮ রান। ভারতের দরকার আর ৬ উইকেট। ভারতের সামনে অবশ্য বাধা হতে পারে শ্রীলঙ্কার বৃষ্টি। এই ম্যাচে চার দিনই বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। মানব সুতার-রবীন্দ্র জাডেজাদের দিকে তাকিয়ে ভারত। শেষ দিনের খেলা শুরু সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। অন্য দিকে, ডুরান্ড কাপে আজ ইস্টবেঙ্গলের ফাইনালে ওঠার লড়াই। সেমিফাইনালে লাল-হলুদের সামনে এসসি দিল্লি। গ্রুপ পর্বে ভাল খেললেও কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে মাত্র ১ গোলে জিতেছে তারা। প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছেন রশিদেরা। আজ যুবভারতীতে খেলা সন্ধ্যা ৭টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। পাশাপাশি, আজ হকি বিশ্বকাপে মহারণ। ভারত মুখোমুখি পাকিস্তানের। ইংল্যান্ডের কাছে হেরে নিজেদের উপর নিজেরাই চাপ বাড়িয়ে ফেলেছে ভারত। যা পরিস্থিতি তাতে গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে। না হলে হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে হরমনপ্রীত সিংহদের। এই গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে ইংল্যান্ড। দু’টি ম্যাচই জিতেছে তারা। ভারত ও পাকিস্তান, দুই দলকেই হারিয়েছে তারা। ইংল্যান্ডের পয়েন্ট ৬। তিন নম্বরে থাকা পাকিস্তান ও চার নম্বরে থাকা ওয়েলস, দুই দলই দুই ম্যাচে একটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের দুই দলেরই পয়েন্ট ১। বিশ্বকাপের চারটি গ্রুপ থেকেই প্রথম দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। ভারত কি পারবে? খেলা শুরু সন্ধ্যা ৬:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।