দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়দানের পিডব্লিউডি তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। দীর্ঘক্ষণ তাঁদের কথা হয়। কী কারণে এই সাক্ষাৎ, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। ছবি প্রকাশ্যে আসার পরেই জানা যায়, সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তার পরেই মমতা ঘোষণা করেন, কংগ্রেসকে সমর্থন করবেন। সেই কংগ্রেস প্রার্থীও গ্রেফতার হন। এ বার কী হবে নন্দীগ্রামের নাটক কোন দিকে মোড় নেবে?
আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু যোগ দেবেন একটি ধর্মীয় অনুষ্ঠানে। সন্ধ্যায় বাগবাজারের গৌড়ীয় মঠের আরতিতে অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি, মঠের মহারাজদের সঙ্গেও কথা বলবেন।
আজ শেষ রাউন্ডের ম্যাচে ফয়সালা হবে কলকাতা লিগের। মোহনবাগান খেলবে মহমেডানের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কোল ইন্ডিয়া। দু’টি ম্যাচই বিকেল ৩টে থেকে। একটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে মোহনবাগান এবং মহমেডান। ফলে দু’দলেরই ২ ম্যাচে ৪ পয়েন্ট। ইস্টবেঙ্গল দু’টি ম্যাচই ড্র করেছে। তাদের সংগ্রহে ২ পয়েন্ট। মোহনবাগান এবং মহমেডান ম্যাচে যারা জিতবে, তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে। যদি এই ম্যাচ ড্র হয়, তা হলে দু’দলেরই ৫ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল শেষ ম্যাচে ৫ গোলের ব্যবধানে জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। বারাসত স্টেডিয়ামে মোহনবাগান বনাম মহমেডান ম্যাচ। লাল-হলুদের খেলা ইস্টবেঙ্গল মাঠে। লিগ জয়ের দৌড়ে রয়েছে ভবানীপুর এবং ইউনাইটেড এসসি-ও। তারাও আজ অনেক অঙ্ক বদলে দিতে পারে।
আজও কিন্তু ঝড়বৃষ্টি থামবে না। উত্তর আন্দামান সাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে রবিবার থেকে একটু কমবে প্রকোপ।