দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
অমিত শাহ বৃহস্পতিবার রাতে সুকনার একটি হোটেলে ছিলেন। আজ তিনি সকালে যাবেন এসএসবি (সশস্ত্র সীমা বল)-র শিবিরে। সেখানে চিকেন্স নেক নিয়ে দু’টি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। সেই বৈঠকে বিএসএফ কর্তাদেরও থাকার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে যাওয়ার কথা শাহের। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র প্রদর্শনীর উদ্বোধন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ রাজ্যের মন্ত্রীরা।
নিউ মার্কেটের মির্জ়া গালিব স্ট্রিটের হোটেল ‘শিখা ইন’-এ মঙ্গলবার মধ্যরাতে আগুন লেগে গিয়েছিল। তার ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ন’জনের। তাঁদের মধ্যে সাত জনই বাংলাদেশের নাগরিক। ওই হোটেলের মালিক বীরেশ্বর মিত্র এখনও পলাতক। তাঁর কাছ থেকে হোটেলটি ৪০ হাজার টাকার মাসিক চুক্তিতে লিজ় নিয়েছিলেন আবু জ়াফর। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। মালিক এবং আবুর স্ত্রীর খোঁজ চলছে। স্ত্রীর নামেই হোটেল লিজ় নিয়েছিলেন আবু। এই ঘটনার তদন্ত কোন পথে?
নিম্নচাপ সরে গিয়েছে। তবে বর্ষা এখনও সক্রিয়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে তাই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এ ছাড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার মতো জেলাগুলিতে আগামী মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।