Advertisement
E-Paper

এসআরএফটিআই: সংঘাতের পরদিন। তৃণমূলের প্রতীক-ফ্রিজ় মামলা। নিতিন নবীন কলকাতায়। এশিয়াড। আর কী কী

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি শাখা সংগঠনের বিরুদ্ধে এসআরএফটিআই-এর পড়ুয়া এবং শিক্ষকদের উপর চড়াও হওয়ার অভিযোগ। পড়ুয়াদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ। অশান্তি থামলেও সংঘাত এখনও প্রশমিত হয়নি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এ গোলমাল। পড়ুয়া এবং শিক্ষকদের উপর চড়াও হওয়ার অভিযোগ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি শাখা সংগঠনের বিরুদ্ধে। পড়ুয়াদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তুলেছেন ওই সংগঠনের সদস্যেরা। এই ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তা নিয়ে রবিবার দিনভর উত্তপ্ত ছিল ক্যাম্পাস। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। অশান্তি থামলেও সংঘাত এখনও প্রশমিত হয়নি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের কলকাতা সফরের দ্বিতীয় দিন। সোমবার সকালে সোদপুরের লোক সংস্কৃতি ভবন এবং দুপুরে কলকাতার স্পেস সার্কল ক্লাবে দু’টি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বিকেলে তাঁর দিল্লি ফেরার কথা রয়েছে।

অবিভক্ত তৃণমূলের নাম এবং জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ়’ করেছে নির্বাচন কমিশন। কমিশনের এই অন্তর্বর্তী সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়েছিল কমিশন। নির্বাচনী প্রতীক এবং দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য কতটা সময় প্রয়োজন, তা কমিশনের কাছে জানতে চেয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ। একই সঙ্গে শীর্ষ আদালত এ-ও বলেছিল, “প্রমাণ এবং দু’পক্ষের বক্তব্য খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের হাতেও যথেষ্ট সময় থাকতে হবে।’’ অর্থাৎ, বাস্তবসম্মত একটি সময়সীমা প্রয়োজন।

নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর মাশুল (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) চাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। আজ মামলাটি শুনানির জন্য উঠবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে।

আজ এশিয়ান গেমসে নামছে ভারতের পুরুষদের ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি আফগানিস্তানের। দু’সপ্তাহ আগেই আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলেছে ভারত। কিন্তু সেই দল আর এই দল এক নয়। রশিদ খান, আজ়মাতুল্লা ওমরজাই, রহমানুল্লা গুরবাজ়, মহম্মদ নবিরা নেই। তুলনায় অনেক নতুন ক্রিকেটারকে পাঠিয়েছে আফগানিস্তান। তবে ভারত সতর্ক। জাপান ম্যাচের পরিস্থিতি যাতে না হয়, সেই দিকে নজর রয়েছে শ্রেয়স আয়ারদের। তবে খেলা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। লাগাতার বৃষ্টি হচ্ছে। নিশিনের মাঠে ফ্লাডলাইট নেই। ফলে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। আজ সকাল ১০.৩০ থেকে খেলা। সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনিলিভ অ্যাপে।

নিম্নচাপ এখনও সক্রিয়। কিন্তু তার প্রভাব আপাতত আর পশ্চিমবঙ্গের উপর পড়ছে না। বরং এ বার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শরতের আভাস মিলতে পারে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা বা নতুন করে কোনও দুর্যোগের আশঙ্কা এখন নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও উত্তর বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি করেনি আলিপুর।

News of the Day SRFTI RSS BJP Nitin Nabin TMC Election Commission UPI Asian Games India Afghanistan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy