Advertisement
E-Paper

এখনও নিখোঁজ রাজ্যের ৩৭ জন, নেপালের পরিস্থিতি। বিদেশ সফরে প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী ক্রীড়াবিদদের সংবর্ধনা জানাবেন। নজরে কী কী

নেপালে আটকে পড়া পশ্চিমবঙ্গের দু’জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। অন্য দিকে, নেপাল উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি হয়েছে। এ বার বিভিন্ন দেশের উদ্ধারকারী দল সেখানে গিয়ে উদ্ধারকাজ চালাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

হড়পা বানে বিপর্যস্ত নেপালে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের ৩৯ জন। তাঁদের মধ্যে দু’জনের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। বাকি ৩৭ জনের এখনও খোঁজ নেই। শুক্রবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে দু’জনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাঁদের ফিরিয়ে আনা হচ্ছে। অন্য দিকে, নেপাল উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি হয়েছে। এ বার বিভিন্ন দেশের উদ্ধারকারী দল সেখানে গিয়ে উদ্ধারকাজ চালাবে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

আবার বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার উজ়বেকিস্তান দিয়ে তাঁর সফর শুরু করবেন তিনি। সে দেশের প্রেসিডেন্ট শাভকাত মিরজ়িয়য়েভের আমন্ত্রণে তাঁর এই সফর। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারি আরও জোরদার করার লক্ষ্যে মোদীর উজ়বেকিস্তান সফর। রবিবার পর্যন্ত উজ়বেকিস্তানে থাকবেন তিনি। সোমবার সেখান থেকেই উড়ে যাবেন কিরগিজ প্রজাতন্ত্রে। সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেবেন মোদী। ২০১৭ সাল থেকে ভারত সংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিএ) সদস্য।

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাগৃহে জাতীয় গেমস এবং প‍্যারা অলিম্পিকে জয়ীদের সংবর্ধনা জানাবেন। অনুষ্ঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।

আরও কিছু দিন বিক্ষিপ্ত ভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তার প্রভাবেই বৃষ্টি হচ্ছে। সঙ্গে সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও তা চলবে সোমবার পর্যন্ত। শনিবারের পর উত্তরে ঝড়বৃষ্টি কিছুটা কমবে।

News of the Day Nepal Suvendu Adhikari Narendra Modi national sports day

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy