দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
টুলু মণ্ডল এখন কোথায়? সেটাই পুলিশের নজরে। রাজ্যের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে জানিয়েছেন, পাথর ব্যবসায়ী টুলু পালিয়ে বেড়াচ্ছেন। ২৩ মে-র পরে বিভিন্ন জায়গায় তাঁর অবস্থান ধরা পড়েছে। তাঁর দাবি, তিনিও ধরা পড়বেন। টুলুর তুতো ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনা চোরাচালান করে আনা হয়েছে কি না, তা-ও দেখা হবে। তদন্তকারীদের নজর এখন সে দিকেই। টুলুর হদিস কি আজ মিলবে?
প্রশ্নফাঁস প্রতিরোধী সংশোধনী বিলসংক্রান্ত বিতর্কের সময় বুধবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গাঁধী অভিযোগ করেছিলেন, গত ২০ জুলাই পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ‘ককরোচ’দের সংসদ অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই করা হয়েছিল। বৃহস্পতিবার একই দাবি করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পাশাপাশি, রাহুলের সুরে সুর মিলিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের পদত্যাগও দাবি করেছেন তিনি। বিরোধী শিবিরের অভিযোগে ককরোচ-বাহিনীর এই সায় নতুন রাজনৈতিক টানাপড়েন তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
ডুরান্ড কাপে আজ আবার নামছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের কাছে প্রথম ম্যাচে হারার পর লাল-হলুদের সামনে আজ সিআইএসএফ প্রোটেক্টরস। আজ জিততে না পারলে ঘোর সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। পারবে কি তারা ঘুরে দাঁড়াতে? কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
গভীর নিম্নচাপ সরে গিয়েছে। তবে মরসুমি অক্ষরেখা এখনও সক্রিয়। তার প্রভাবেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় হতে পারে অতিভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কমবে, তবে থামবে না। শুক্রবার দুই জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করা হয়েছে।