পুজোর দিনগুলিতে কলকাতার পাশাপাশি শহরতলির বিস্তীর্ণ অংশও রাতভর ট্রেন পরিষেবার আওতায় আসছে। শিয়ালদহ ডিভিশনের পরে এ বার হাওড়া ডিভিশনও ১৭ থেকে ২১ অক্টোবরের মধ্যে গুরুত্বপূর্ণ সব শাখায় সারা রাত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। ট্রেন বাড়ছে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন স্টেশনের মধ্যে সংযোগকারী রুটেও। পূর্ব-পশ্চিম মেট্রোর মাধ্যমে হাওড়া এবং শিয়ালদহ স্টেশনের মধ্যে সরাসরি যোগাযোগ ছাড়াও ডানকুনি স্টেশনকে যুক্ত করে দুই ডিভিশনই বাড়তি ট্রেন চালাবে। শিয়ালদহ ডিভিশনের কল্যাণী ও রানাঘাট শাখার সঙ্গে জুড়তে ব্যান্ডেল-নৈহাটি শাখায় বেশি রাতে মিলবে লোকাল ট্রেনের পরিষেবা।
দূরের এলাকা থেকে কলকাতায় পুজো দেখতে আসা দর্শনার্থীদের কথা ভেবে হাওড়া থেকে বর্ধমান, চন্দনপুর, ব্যান্ডেল ছাড়াও তারকেশ্বর-শেওড়াফুলি এবং ব্যান্ডেল-নৈহাটি শাখায় বেশি রাতে ট্রেন চালাবে রেল। নিরাপদে ট্রেন চালাতে রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে লোকাল ট্রেনে রক্ষী মোতায়েন করার ব্যবস্থা রাখছে হাওড়া ডিভিশন। প্রায় পাঁচ হাজার সিসি ক্যামেরার মাধ্যমে বিভিন্ন স্টেশনে নজরদারি চলবে। বৃহস্পতিবার হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কপূর বলেন, ‘‘যাত্রীদের নিরাপদ সফরের ব্যবস্থা করতে সব প্রস্তুতি আমরা রাখছি।’’
পুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় সারা রাত সরকারি-বেসরকারি বাস ছাড়াও মেট্রো কর্তৃপক্ষের পরিষেবা বাড়ছে। পুজোর দিনে অন্য বছরে জোকা-মাঝেরহাট এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো বন্ধ থাকে। এ বার দুপুর থেকে প্রায় মাঝরাত পর্যন্ত জোকা-মাঝেরহাট মেট্রোর পরিষেবা খোলা থাকবে। এর ফলে বেহালা এলাকার পুজো দেখার ক্ষেত্রে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য বাড়বে।
পঞ্চমী এবং ষষ্ঠীতে সবচেয়ে বেশি ভিড় হতে পারে মেট্রোয়। সে কথা মাথায় রেখে ওই দু’দিন উত্তর-দক্ষিণ মেট্রোয় সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রেন চলবে। পূর্ব-পশ্চিম মেট্রোর ক্ষেত্রেও সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিষেবা মিলবে। তবে, নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রোর পরিষেবা সপ্তাহের কাজের দিনের মতোই থাকছে। জোকা মেট্রোয় ওই দু’দিন সকাল ৬টা ৪০ থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত ট্রেন চলবে। পরিষেবা বাড়ছে না নিউ গড়িয়া-বেলেঘাটা মেট্রোতেও।
সপ্তমী থেকে নবমী উত্তর-দক্ষিণ মেট্রোয় দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত পরিষেবা মিলবে। পূর্ব-পশ্চিম মেট্রোর ক্ষেত্রে ওই তিন দিন দুপুর দেড়টা থেকে ভোর ৪টে পর্যন্ত পরিষেবা খোলা থাকবে। নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো চালু থাকবে দুপুর ৩টে থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত। জোকা-মাঝেরহাট মেট্রো মিলবে দুপুর ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। তবে সপ্তমী থেকে দশমী নিউ গড়িয়া-বেলেঘাটা মেট্রো চলবে না। দশমীতে দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উত্তর-দক্ষিণ মেট্রোর পরিষেবা মিলবে। ওই দিন পূর্ব-পশ্চিম মেট্রো দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা, নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো ৩টে থেকে রাত ৯টা ৩৮ মিনিট এবং জোকা-মাঝেরহাট মেট্রো ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।