ছবিতে দুর্গার এক দিকে চারটি, অন্য দিকে ছ’টি হাত এবং সিংহের দু’টি লেজ— ‘পশ্চিমবঙ্গ দুর্গাপূজা সমন্বয় সমিতি’র নামে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি পোস্টার ঘিরে সরব হয়েছেন অনেকেই। এই প্রেক্ষিতে সমিতির প্রধান উপদেষ্টা তথা বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ অবশ্য বুধবার বলেছেন, “কোথায় কে কী পোস্ট করেছেন, জানি না। এর কোনও গুরুত্ব নেই। উপদেষ্টা হিসাবে আমার পোস্ট করা ছবিটিই আনুষ্ঠানিক ও আসল।” সমাজমাধ্যমে রুদ্রনীলের পোস্টে অবশ্য দুর্গার প্রচলিত রূপের ঠিক ছবিটিই রয়েছে। ঘটনাচক্রে, পুজো সংক্রান্ত সরকারি বৈঠকের একটি বিজ্ঞাপনে দেবীর ১১ হাত নিয়ে বিতর্ক বেধেছিল এবং সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার মূল পোস্টারের ছবিটি সংশোধন করিয়ে ক্ষমাও চেয়েছিলেন।