বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন সম্মেলনের আয়োজন করেছে রাজ্য। এই শিল্পে আরও বিনিয়োগ টানতে এবং কর্মসংস্থানের লক্ষ্যেই ২৭ সেপ্টেম্বর কলকাতার এক হোটেলে ওই কর্মসূচি রয়েছে।
শুক্রবার রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, ‘‘আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। সেই উপলক্ষে পর্যটন দফতর সামিটের আয়োজন করছে। সেখানে রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে বিনিয়োগকারীরা আসবেন। তাঁরা বড় অঙ্কের বিনিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।’’
এর পরেই শঙ্কর আঙুল তোলেন পূর্বতন তৃণমূল সরকারের দিকে। তিনি জানান, পশ্চিমবঙ্গের পর্যটনে অনেক সম্ভাবনা চিরকালই ছিল। কিন্তু বিগত সরকার সেই চেষ্টা করেনি। এ বার রাজ্যের পর্যটন বিনিয়োগ টেনে আনবে। কর্মসংস্থান হবে। তাঁর দাবি, এমন উদ্যোগ আগে চোখে পড়েনি। ইতিমধ্যেই জেলাশাসকদের থেকে সংশ্লিষ্ট জেলার পর্যটন কেন্দ্রগুলির নাম চেয়ে পাঠানো হয়েছে।
ইতিমধ্যে কোন কোন কেন্দ্রে নজর, তা-ও প্রকাশ করেছে পর্যটন দফতর। সেই তালিকায় রয়েছে মিরিক থেকে চন্দননগর, বিষ্ণুপুর থেকে বিভিন্ন ধর্মীয়স্থান। মিরিক লেকের পরিকাঠামোর উন্নয়ন এবং সংস্কারের জন্য ৫৭ কোটি টাকা এই সরকার বরাদ্দ করেছে। সেখানে হবে ক্যাফেটেরিয়া। তিনচুলে থেকে মিলান টপ যাওয়ার জন্য তৈরি হবে নতুন ট্রেকিং পথ। ঝাড়গ্রামে হবে ঝর্না, বোটিংয়ের জন্য পরিকাঠামো। গঙ্গাপথে রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্র ও উল্লেখযোগ্য পর্যটনস্থলে ভ্রমণের ব্যবস্থাও করছে রাজ্য সরকার। পর্যটন মন্ত্রীর আশা, রাজস্ব আদায়ে অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের সঙ্গে পাল্লা দেবে পর্যটন দফতরও।