বাংলার বিধানসভা ভোটের দিকে তাকিয়ে নিজেদের ছাত্র সংগঠনের সক্রিয়তা বাড়াতে চলেছে সঙ্ঘ। সূত্রের খবর, ৩১ জুলাই রাজ্যের চার জায়গায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে এবিভিপি। সমাবেশগুলি হবে কোচবিহার, রায়গঞ্জ, মালদহ ও কলকাতায়। শহরে কলেজ স্ট্রিটের সমাবেশে থাকার কথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিংহ সোলাঙ্কির। বাকি তিন জায়গাতেও তিন সাধারণ সম্পাদকের উপস্থিত থাকার কথা। সূত্রের দাবি, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এবিভিপি বাংলায় দু’লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে।
সমাবেশের পাশাপাশি এবিভিপি-র সাংগঠনিক কাঠামো অনুযায়ী সর্বোচ্চ স্তর, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকও বসতে চলেছে বাংলায়। শিলিগুড়িতে ২ থেকে ৪ অগস্ট এই বৈঠক হওয়ার কথা। তা উপলক্ষে উত্তরবঙ্গ জুড়ে দেওয়াল লেখা-সহ প্রচারের কাজ শুরু হয়েছে। এর আগে ২০১৯-এর লোকসভা ভোটের আগে কলকাতায় এই বৈঠক হয়েছিল।
সংগঠনের এমন ‘সক্রিয়তা’ প্রসঙ্গে এবিভিপি-র এক সর্বভারতীয় নেতা বলেছেন, “সরাসরি নির্বাচনের কাজে যুক্ত থাকার কথা না-বললেও সঙ্ঘ স্বয়ংসেবকদের পূর্ণ শক্তিতে ভোটের আগে মাঠে নামাবে। তেমনই ছাত্র সংগঠনকেও তৃণমূল স্তরে কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”