বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তান জন্ম। তা নিয়ে সমাজমাধ্যমে ঝড়। কথা হচ্ছে অভিনেত্রী সুস্মিতা রায়ের। একাধিক ফেসবুক লাইভ, পোস্ট করে তার নতুন বিয়ের পর প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। তবে এ বার সেই সব কিছু পেরিয়ে নতুন সংসার। আর এই বিশেষ দিনেই কান্নায় ভেঙে পড়লেন সুস্মিতা। পাশেই স্বামী শুভাশিস। আর কোলে একরত্তি সিডো।
পুজোর জোগাড়, ভোগ রান্না কোনও কাজই বাদ দিচ্ছেন না তিনি। এত কাজের মধ্যেও সিডো কিন্তু শান্ত। সিডোর মাত্র সাড়ে তিন মাস বয়স। খিদে না পেলে সে কখনও কাঁদে না, এমনটাই জানাচ্ছেন অভিনেত্রী।
এ বছর কোজাগরী লক্ষ্মীপুজোর দিনটা তাঁর কাছে খানিক অন্যরকম। এ দিনই তাঁর স্বামীরও জন্মদিন। তাও পালিত হয়েছে। আর এই কেক কাটতে গিয়েই আবেগপ্রবণ তিনি। কেঁদে ফেললেন তাঁকে জড়িয়ে। সেজেছিলেন বাঙালি ঐতিহ্যকে মাথায় রেখেই। বহুদিন পর নিজের সংসার, সন্তান। আবেগ গোপন করা কি এতই সহজ?
আরও পড়ুন:
অভিনয় জগৎ থেকে এই মুহূর্তে খানিক বিরতি নিয়েছেন সুস্মিতা। খুলেছেন নিজের ব্যবসা। সেখানেও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন নিজেই। বিতর্ক, বিচ্ছেদ, আক্ষেপ না পাওয়ার যন্ত্রণা ভুলে নিজের মতো পুজোয় মাতলেন তিনি। সঙ্গী স্বামী ও একমাত্র ছেলে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।