সমাজমাধ্যমের পরিচিত মুখ তো ছিলেনই, ‘বিগবস বাংলা’র হাত ধরে যেন নতুন ভাবে নিজেকে চিনিয়েছেন ঝিলম গুপ্ত। যদিও তাঁর যাত্রা সেখানে অসমাপ্ত। খেলা মাঝপথে থামিয়েই বিদায় নিতে হয়েছে তাঁকে। নেপথ্যে তাঁর শারীরিক অসুস্থতা। পিত্তথলীতে অসহনীয় যন্ত্রণা থেকে নিস্তার পেতে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল তাঁর। তা সফল হতেই নেটপ্রভাবীকে দেখতে হাসপাতালে এলেন ‘বিগ বস’-এর ঘরেরই পুরনো সদস্যরা।
অস্ত্রোপচার সফল হয়েছে ঝিলমের। রবিবার সমাজমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন সেই খবর। ছায়াসঙ্গী পৌলমী গুহ তো আছেনই, পাশাপাশি ঝিলমকে দেখতে হাসপাতালে আসেন খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস এবং অভিনেত্রী সোহিনী পাল। দীর্ঘ বেশ কিছু সপ্তাহ ‘বিগ বস’-এর ঘরে একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। এমনকি, এক বার হার-জিতের দুই প্রান্তে এসে মুখোমুখি দাঁড়িয়েছিলেন দীপেন্দু বিশ্বাস এবং ঝিলম। আসলে খেলার ময়দানে দু’জন প্রতিপক্ষ হলেও বাস্তবের বন্ধুত্ব ছাপিয়ে গিয়েছে সবকিছুকেই।
ফেসবুকে দীপেন্দু এ দিন ছবি পোস্ট করে লেখেন, ‘আমাদের সকলের স্নেহের ঝিলমের অপারেশন সফল হওয়ার পর তাকে হাসপাতালে দেখতে। ঈশ্বরের কাছে ঝিলমের দ্রুত আরোগ্য কামনা করি।’
পুজোর ঠিক মুখেই ‘বিগ বস’-এর দুর্গ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল ঝিলমকে। তাঁর অসুস্থতার কথা জানিয়েছিলেন স্বয়ং ‘বিগ বস’। প্রাথমিকভাবে সবকিছু স্পষ্ট জানা না গেলেও পরে শোনা যায়, গলব্লাডারে স্টোনের সমস্যায় ভুগছেন তিনি। দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। যন্ত্রণা সত্বেও দুর্গ থেকে ফিরে বেশ খোশমেজাজেই তিনি ধরা দিয়েছিলেন দুর্গাপুজোয়। পুজো মিটতেই অস্ত্রোপচার সফল হল তাঁর। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।