Health Partner
Comfort Partner
Knowledge Partner

নিন্দকের জল্পনায় জল? নরওয়েতে ঘুরতে গেলেন দেব, সঙ্গী কি রুক্মিণী?

‘দেশু ৭’-এর সাফল্যের আবহেই নরওয়েতে পাড়ি দিয়েছেন দেব। কিন্তু অভিনেতার বিদেশযাপনের সঙ্গী কে? রুক্মিণী মৈত্র কি রয়েছেন তাঁর সঙ্গে? সম্পর্কের দূরত্ব নিয়ে জল্পনার মাঝেই দেবের নতুন পোস্ট ঘিরে অনুরাগীদের মনে নানা প্রশ্ন।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৬ ১১:৫১
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

ছবি মুক্তি পেয়েছে কিছু দিন আগে। বক্সঅফিসে সাফল্যের হাসি। তারই মধ্যে বিদেশে পাড়ি দিলেন দেব! গন্তব্য নরওয়ে। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই অভিনেতার সমাজমাধ্যমে ভেসে উঠল বিদেশভ্রমণের ছবি। সঙ্গে ‘দেশু ৭’-এর সাফল্যের উদ্‌যাপন। কিন্তু দেবের এই সফর ঘিরে যতটা না কৌতূহল তাঁর ছুটি কাটানো নিয়ে, তার চেয়ে ঢের বেশি প্রশ্ন— সঙ্গী কে? রুক্মিণী মৈত্র কি রয়েছেন সঙ্গে? তা হলে কি ফের একসঙ্গে দেব-রুক্মিণী? সম্পর্কের সমীকরণ নিয়ে যে জল্পনা চলছিল, তাতে কি এ বার জল পড়বে?

দুর্গাপুজো মানেই দেবের কাছে শুধু কাজের ব্যস্ততা নয়, উৎসবের পর ঘুরতে বেরিয়ে পড়ারও সময়। প্রতি বছরই পুজোর রেশ সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়ার রীতি রয়েছে অভিনেতার। যদিও গত বছর থেকে সে ভাবে ভ্রমণের ছবি দেখা যায়নি তাঁর। এ বার ‘দেশু ৭’-এর মুক্তির পরেই সেই চেনা ছন্দে ফিরলেন দেব। তবে এ বারের সফর ঘিরে কৌতূহলটা একটু অন্য রকম।

এই পুজোয় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘দেশু ৭’। দুই তারকার পুনর্মিলনে নস্ট্যালজিয়ায় ভেসেছেন দর্শকেরা। ছবির পরিচালনার দায়িত্বও সামলেছেন দেব নিজেই। অভিনেতা থেকে পরিচালক— নতুন ভূমিকায় তাঁর এই যাত্রা ঘিরেও ছিল দর্শকের আগ্রহ। শুভশ্রীও জানিয়েছেন, দেবের জীবনের নানা ‘প্রথম’-এর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। প্রথম বাড়ি, প্রথম গাড়ি, প্রযোজনা পেরিয়ে এ বার প্রথম পরিচালনা— সব ক্ষেত্রেই দেবের জীবনের বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেছেন অভিনেত্রী।

ছবির মুক্তির আগে ও পরে প্রচারে ব্যস্ত ছিলেন দেব-শুভশ্রী। কখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে, কখনও একের পর এক প্রেক্ষাগৃহে দর্শকের মুখোমুখি হয়েছেন তাঁরা। অষ্টমীর দিন শতাধিক প্রেক্ষাগৃহে ছবির সাফল্যের খবরও ভাগ করে নিয়েছিলেন দেব। সেই ব্যস্ততার মধ্যেই আচমকা নরওয়ে সফর। ছবির প্রচার, অভিনয় আর রিয়্যালিটি শোয়ের কাজ থেকে কি আপাতত একটু বিরতি নিলেন অভিনেতা? নাকি বিদেশযাত্রার পিছনে রয়েছে অন্য কোনও কাজের কারণ? এখনও স্পষ্ট নয় কিছুই।

তবে দেবের সফর মানেই আর একটি নাম স্বাভাবিক ভাবেই উঠে আসে— রুক্মিণী। অভিনেতার ভ্রমণসঙ্গী হিসেবে বার বার আলোচনায় এসেছেন তিনি। অথচ সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্কের দূরত্ব নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছে। তা হলে কি নরওয়ের সফরে ফের পাশাপাশি দেব-রুক্মিণী? নিন্দকদের জল্পনায় জল ঢেলে কি আবার একসঙ্গে ধরা দেবেন তাঁরা? নাকি এ বার একাই ছুটি কাটাচ্ছেন দেব?

উত্তর এখনও অধরা। অভিনেতার সমাজমাধ্যমের পাতায় নজর রাখছেন অনুরাগীরা। নরওয়ের ছবি যত সামনে আসছে, ততই বাড়ছে কৌতূহল। দেব ফিরলে হয়তো জানা যাবে সফরের নেপথ্যের গল্প।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Dev Durga Puja Festival

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy