Health Partner
Comfort Partner
Knowledge Partner

আশ্বিনের আকাশে মেঘের ভ্রূকুটি? পুজোয় বৃষ্টি নামলেও ঠিক থাকবে সাজ, রইল উপায়

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ২০:৫৮
এটি একটি এআই দ্বারা নির্মিত ছবি

এটি একটি এআই দ্বারা নির্মিত ছবি

শরতের আকাশ বড় খামখেয়ালি। রোদের পিঠেই আচমকা নেমে আসতে পারে ভারী বৃষ্টি। আর তাতেই সব আনন্দ পণ্ড! বৃষ্টির ছাঁট আর ভ্যাপসা ঘামে যদি চোখের কাজল লেপটে যায় কিংবা ফাউন্ডেশন গলে মুখে সাদা ছোপ ধরে, তবে পুজোর গোটা সাজটাই মাটি। বৃষ্টি কখন নামবে তা কারও হাতে নেই, আবহাওয়া দফতরও ইতিমধ্যেই জানিয়েছে বৃষ্টি হবে পুজোয়। বৃষ্টি নামলেও আপনার মুখের লাবণ্য ও রূপটান একদম টানটান থাকে, তার কৌশল কিন্তু আপনার হাতেই। উৎসবের মরসুমে বৃষ্টির দিনেও নিখুঁত সাজ ধরে রাখতে রইল কয়েকটি জরুরি টিপস।

বৃষ্টির দিনে মেকআপ দীর্ঘস্থায়ী করার মূল চাবিকাঠি লুকিয়ে আছে ত্বকের পরিচর্যায়। চড়া মেকআপের আগে মুখ ভাল করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে একটি হালকা ওয়াটার-বেসড বা ‘অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার’ লাগান। তৈলাক্ত ত্বকে তেলতেলে ভাব দূর করতে বরফের টুকরো সুতির কাপড়ে জড়িয়ে মুখে বোলাতে পারেন, এতে রোমকূপ সংকুচিত হয়ে ঘাম কম হবে। দিনের বেলা বেরোলে অবশ্যই জেল-বেসড সানস্ক্রিন লাগাবেন। সানস্ক্রিন ত্বকে ভালো করে বসে যাওয়ার জন্য একটু সময় দিন।

বৃষ্টিভেজা দিনে ঘন ক্রিম-বেসড ফাউন্ডেশন একদম এড়িয়ে চলুন। কারণ আর্দ্র আবহাওয়ায় ভারী ফাউন্ডেশন ত্বকে বসে না, উল্টে বৃষ্টির জল লাগলে বা ঘামলে মুখে সাদা ছোপ তৈরি করে। ফাউন্ডেশনের বদলে বেছে নিন হালকা ‘বিবি’ বা ‘সিসি’ ক্রিম। ফাউন্ডেশন ব্যবহার করতেই হলে ওয়াটারপ্রুফ তরল ফাউন্ডেশন খুব সামান্য পরিমাণে নিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে নিখুঁতভাবে ত্বকে ব্লেন্ড করুন।

‘ফাউন্ডেশন’ অল্প ব্যবহার করলে অনেক সময় মুখের দাগ ছোপ ঢাকা পড়ে না।আবার বেশি ব্যবহার করলে ‘মেকআপ’ ভারী হয়ে যায়। সেক্ষেত্রে মুখের যেখানে দাগ রয়েছে সেখানে অল্প করে ‘কনসিলার’ লাগিয়ে ভাল করে সেটি ‘ব্লেন্ড’ করে নিন।

বৃষ্টির দিনে সবচেয়ে বড় বিপদ ঘটে চোখের সাজে। তাই কাজল, আইলাইনার এবং মাস্কারা—তিনটিই হতে হবে খাঁটি ‘স্মাজ-প্রুফ’ ও ‘ওয়াটারপ্রুফ’। চোখের সাজের জন্য ‘পাউডার জাতীয় আইশ্যাডো’ ব্যবহার করুন। এবং নিশ্চিত করুন যেন সেটাও জলে ধুয়ে না যায়। ঠোঁটের জন্য বেছে নিন ‘ম্যাট লিপস্টিক’।

বৃষ্টির ভেজা আবহাওয়ায় ক্রিম ব্লাশ গাল থেকে গলে যাওয়ার ঝুঁকি বেশি থাকে। তাই সামান্য পাউডার ব্লাশ ব্যবহার করুন। অতিরিক্ত চকচকে হাইলাইটার এড়িয়ে হালকা ফিনিশের দিকে ঝুঁকলে চেহারায় স্বাভাবিক উজ্জ্বলতা ফুটে উঠবে।

সাজ সম্পূর্ণ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ‘মেকআপ সেটিং স্প্রে’। বৃষ্টির দিনে মেকআপ লক করতে ভালো মানের ম্যাট-ফিনিশ ওয়াটারপ্রুফ সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মুখে এক ধরনের অদৃশ্য সুরক্ষা প্রাচীর তৈরি করে, যার ফলে বৃষ্টির জলের ফোঁটা লাগলেও মেকআপ সহজে ধুয়ে যায় না।

সব সতর্কতা নেওয়ার পরেও রাস্তায় অপ্রত্যাশিত পরিস্থিতি হতে পারে। বৃষ্টির দিনে ছাতা এবং রেনকোট এর থেকে বড় সুরক্ষা আর কিছু হতে পারে না। তাই সব সময় সঙ্গে রাখুন এগুলি। সবশেষে বৃষ্টির দিনে খুব ভারী ‘মেকআপ’ না করার চেষ্টা করবেন। মাথায় রাখবেন যেন মুখে রূপটানের স্তর তৈরি না হয়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy