টানা রোল, চাউমিন খেয়ে ক্লান্ত! এ বার পাতে গরম ভাত পড়লে মনটা তৃপ্ত হবে তাই তো? কিন্তু সঙ্গে খাবেন কী? খুব বেশি ঝক্কিও পোহাতে হবে না। মাত্র ১০ মিনিটেই তৈরি করতে পারেন চিংড়ি পটল ভর্তা। যা গরম ভাতের সঙ্গে জমে যাবে। রইল সহজ রন্ধনপ্রণালী।
উপকরণ
পটল— ১০০ গ্রাম
চিংড়ি মাছ— ৭০ গ্রাম
লবণ— পরিমাণমতো
কাঁচা লঙ্কা— ৫টি
রসুন— ২০ কোয়া
কুচোনো রসুন— ৩ টেবিল চামচ
সর্ষের তেল— ৬ টেবিল চামচ
কালো জিরে— ২ চা চামচ
শুকনো লঙ্কা— ৪টি
হলুদ গুঁড়ো— ১ চা চামচ
প্রণালী
প্রথমে পটলের দু’টি মাথা কেটে নিন। গ্যাসে জল গরম করে তাতে সামান্য লবণ দিন। এ বার পটলগুলি দিয়ে সেদ্ধ করে নিন।
সেদ্ধ হয়ে গেলে একটি মিক্সিং পাত্রে পটল, রসুন, কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে ভাল করে মিহি করে বেটে নিন।
অন্য দিকে একটি পাত্রে সর্ষের তেল গরম করুন। তাতে চেরা শুকনো লঙ্কা, কালো জিরে এবং কুচোনো রসুন দিয়ে দিন। সামান্য গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিন চিংড়ি মাছ ও হলুদ গুঁড়ো।
এ বার আগে থেকে বেটে রাখা পটলও দিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিন। যতক্ষণ না জল শুকিয়ে মিশ্রণটি মাখা মাখা হচ্ছে, ততক্ষণ রান্না করুন। মাখা মাখা হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
গরম ভাতের সঙ্গে এই ভর্তা দিয়ে তার উপর সামান্য সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করুন চিংড়ি পটল ভর্তা। ঝাল ঝাল স্বাদে মন ও জিভ—দুই-ই হবে খুশি।
এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।