হাতে সময় কম, কিন্তু দীপাবলিতে নিজের হাতে তৈরি খাঁটি মিষ্টি খাওয়ানোর সাধ? মিনিট পনেরোয় বানিয়ে ফেলুন এই মিষ্টি
এখনকার ব্যস্ত জীবনে বাড়িতে মিষ্টি বানানোর মতো সময় কারও হাতে থাকে না সে ভাবে। নিজের হাতে বানালে একদম খাঁটি জিনিসটাই পাতে পড়ে। অল্প সময় দিতে পারলেই বানিয়ে নিতে পারবেন মনের মতো এই মিষ্টি।
আসছে দীপাবলি। উৎসবের খাওয়াদাওয়ায় মিষ্টিমুখ তো থাকছেই। আর তা যদি হয় নিজের হাতে বানানো, তবে তো কথাই নেই! এখনকার ব্যস্ত জীবনে বাড়িতে মিষ্টি বানানোর মতো সময় কারও হাতে থাকে না সে ভাবে। কিন্তু তা বলে কি খেতে মন চায় না?
কাজু বরফি খেতে মোটামুটি সবাই ভালবাসেন। কিন্তু দোকানের বরফিতে কাজুর পরিমাণ আসলে কতটা থাকে, তা নিয়ে অনেকেরই বেশ সন্দেহ রয়েছে। বদলে নিজের হাতে বানালে একদম খাঁটি জিনিসটাই পাতে পড়ে।
পছন্দের সেই কাজু বরফি যদি নিজেই বানিয়ে ফেলতে পারেন, তা-ও আবার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে? বানানো যেমন সহজ, লাগেও তেমন হাতে গোনা কয়েকটা মাত্র উপকরণ। অল্প সময়টুকু দিতে পারলেই বানিয়ে নিতে পারবেন মনে1723596র মতো মিষ্টি।
ভাল কাজু বরফি বানাতে চাই একেবারে মিহি করে গুঁড়ো করা কাজু। আর তার জন্য দরকার ঠান্ডা কাজু। কাজু যদি সাধারণ তাপমাত্রায় থাকে, তা হলে গুঁড়ো করার সময়ে খুব সহজেই তেল ছেড়ে দেয়।
আরও পড়ুন:
মিক্সিতে যে কোনও জিনিস বাটা বা গুঁড়ো করার সময়ে যন্ত্র গরম হয়ে যায়। তাড়াতাড়ি তেল ছাড়ার এটাও একটা কারণ। তাই কাজে যাওয়ার আগে ২৫০ গ্রাম কাজু ফ্রিজে রেখে দিন। কাজ থেকে ফিরতে ফিরতে সেগুলো বেশ ঠান্ডা হয়ে যাবে। তখন আর গুঁড়ো করলে সহজে তেল ছাড়বে না।
যখন কাজু বরফি বানাবেন, সেই সময়ে কাজু ফ্রিজ থেকে বার করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। ২৫০ গ্রাম কাজু থেকে ২ কাপ পরিমাণ কাজু গুঁড়ো তৈরি হবে।
এই মিষ্টি বানানোর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হল সঠিক মাপ। অনেকেরই মনে হতে পারে এই ১ কাপের মাপ কতটা? আপনি যে কোনও মাপের কাপ নিতে পারেন। সে অনুযায়ী কাজুর মাপও পরিবর্তন হবে। বাকি উপকরণগুলোও একই কাপে মাপতে হবে। এখানে ২৪০ মিলিলিটার মাপের কাপের হিসেব ধরা হয়েছে।
আরও পড়ুন:
কাজু বরফি বানাতে যে যে উপকরণ লাগবে— ২ কাপ মিহি কাজু গুঁড়ো, একই কাপের চার ভাগের তিন ভাগ চিনি আর আধ কাপ জল। এ ছাড়া কাজু বরফি সাজানোর জন্য ব্যবহার করতে পারেন অল্প কেশর। ইচ্ছে হলে তবেই, নয়তো নয়।
বাড়িতে বানানো মিষ্টি, তাই না চাইলে রুপোলি তবক ব্যবহার করবেন না। যদি সাজাতে ইচ্ছে করে, তবেই ব্যবহার করতে পারেন।
সব কিছু হাতের কাছে জোগাড় করে আগুনে কড়াই বসিয়ে দিন। আঁচ রাখুন মাঝারি। তার পরে এতে জল আর চিনি দিয়ে দিন।
চিনির রস বানানোর প্রয়োজন নেই। চিনি সম্পূর্ণ গলে গেলে দিয়ে দিন কাজু গুঁড়ো। কাজু দেওয়ার পরে কিন্তু একটানা খুন্তি নেড়ে যেতে হবে। কারণ, কাজু খুবই কড়াইতে লেগে যায়।
নাড়তে নাড়তে যখন দেখবেন কাজু জল টেনে নিয়েছে, তখন অল্প একটুখানি তুলে তাকে গোল আকৃতি দেওয়া যাচ্ছে কি না, দেখতে হবে। যদি দেখেন সহজেই আকার নিচ্ছে, তবে আর এক থেকে দুই মিনিট নেড়ে আঁচ বন্ধ করে দিন। কাজুর মিশ্রণ ঠান্ডা হতে দিন ৫ মিনিট মতো।
এরই মধ্যে একটি থালায় অল্প ঘি মাখিয়ে রাখুন। কাজুর মিশ্রণ ঠান্ডা হলে সেই থালার চার দিকে সমান ভাবে ছড়িয়ে দিন। চাইলে সাজানোর জন্য উপর থেকে ছড়িয়ে দিতে পারেন কেশর।
মিশ্রণ সম্পূর্ণ ঠান্ডা হলে বরফির আকারে কেটে নিন। গরম থাকতে কাটবেন না এবং তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ফ্রিজেও ঢোকাবেন না। সাধারণ তাপমাত্রায় ধীরে ধীরে মিশ্রণ ঠান্ডা হবে এবং শক্তও হবে।
তার পরে চেখে দেখুন নিজের হাতের জাদু। খুবই কম সময়ে তৈরি এই খাঁটি কাজু বরফি দীপাবলির দিনগুলিতে ঠিক আপনার এবং পরিবারের মন জয় করে নেবে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)