খিচুড়ি, লুচি বা ছোলার ডাল তো অনেক হল! মাছপ্রিয় বাঙালি দেবীকে মৎস্যভোগ দেবে না, তা-ও কি হয়! কালীপুজোর দিনে তাই বানিয়ে ফেলতেই পারেন কাতলা কালিয়া। কিন্তু নিরামিষ! শুনতে খানিক অদ্ভুত মনে হলেও পেঁয়াজ-রসুন ছাড়াই কাতলা মাছ দিয়ে তৈরি করা যায় সুস্বাদু এই পদ। কী ভাবে বানাবেন? রইল প্রণালী।
উপকরণ
কাতলা মাছের টুকরো তো আছেই, সঙ্গে চাই টোম্যাটো বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, সর্ষের তেল এবং ধনে পাতার কুচি। ব্যস, এতেই জমে যাবে নিরামিষ কাতলা কালিয়া।
রন্ধনপ্রণালী
সবার আগে মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রেখে দিন। ঘড়ি ধরে অন্তত ১৫ মিনিটই যথেষ্ট। এতে মাছের জল বেরিয়ে যাবে সহজে। এ বার মাছ ভাজার পালা। কড়াইতে তেল গরম হলে তাতে নুন-হলুদ মাখানো মাছগুলি দিয়ে দিন। ভাল করে ভাজা হয়ে গেলেই আলাদা করে তুলে রাখুন।
এ বার সেই তেলেই দিন পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিন টোম্যাটো বাটা। এর পরে স্বল্প আঁচেই ভাল করে কষাতে থাকুন। টোম্যাটো কষিয়ে নিয়ে তাতে একে একে যোগ করুন মশলা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। সামান্য জল দিতে পারেন এই সময়ে। তার পরে দিয়ে দিন আদা বাটা। এর পরে মাঝারি আঁচে অন্তত ৪ থেকে ৫ মিনিট কষান, যাতে ভাল করে তেল ছাড়ে।
ভাল করে তেল ছাড়লে আধ কাপ গরম জল দিন কড়াইয়ে। ঝোল ফুটে উঠলে তাতে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা মাছগুলি। আরও মিনিট খানেক ঝোল ফুটিয়ে নিন। খানিক মাখা মাখা হয়ে এলেই তৈরি নিরামিষ কাতলা কালিয়া।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।