Health Partner
Comfort Partner
Knowledge Partner

কষা-ঝোল ভুলে যান, ভাইফোঁটায় পাতে পড়ুক লাহোরি স্বাদের পাঁঠার মাংস!

পাঁঠার মাংসের কষা কিংবা ঝোল তো অনেক হল। এ বার ভাইফোঁটার ভোজে থাকুক একটু অন্য স্বাদ। সহজ উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলুন লাহোরি কায়দায় পাঁঠার মাংসের এই পদ।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৫:২১
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

ভাইফোঁটার ভোজে এ বার থাকুক একটু অন্য স্বাদ। পাঁঠার মাংসের কষা কিংবা ঝোল তো মাঝে মাঝেই হয়। এ বার ভাই-বোনের পাতে তুলে দিন লাহোরি স্বাদের এক অভিনব পদ। নাম লাহোরি পাঁঠার মাংস। বাড়িতেই সহজ উপকরণে বানিয়ে ফেলতে পারবেন এই পদ।

উপকরণ:

পাঁঠার মাংস: ১ কেজি

পেঁয়াজ কুচি: ৩-৪টি (বড়)

টমেটো বাটা: ৩-৪টি

আদা-রসুন বাটা: ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা: ৫-৬টি

সরষের তেল: পরিমাণমতো

ঘি: ২ টেবিল চামচ

দারুচিনি: ১টি

এলাচ: ৩-৪টি

লবঙ্গ: ৩-৪টি

কালো এলাচ: ১টি

তেজপাতা: ১-২টি

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ

জিরে গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

নুন: স্বাদমতো

গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ

ধনেপাতা কুচি: সাজানোর জন্য

প্রণালী:

১. প্রথমে প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে তাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ, কালো এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। এ বার পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজ নরম হয়ে হালকা বাদামি রং ধরলে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। কাঁচা গন্ধ চলে গেলে পাঁঠার মাংস দিয়ে আঁচ বাড়িয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাল করে কষান।

২. এ বার মাংসের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে কষাতে থাকুন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে টমেটো বাটা দিয়ে দিন।

৩. সামান্য জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছ'টি সিটি দিন। অথবা মাঝারি আঁচে ২০-২৫ মিনিট রান্না হতে দিন। প্রেশার কুকারে রান্না করলে মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলুন।

৪. এ বার কুকারেই বা অন্য কড়াইয়ে মাংসের মধ্যে চেরা কাঁচা লঙ্কা ও সামান্য গরম জল দিয়ে প্রয়োজনমতো মাখোমাখো ঝোল তৈরি করে নিন।

৫. নামানোর আগে ঘি, গরম মশলা গুঁড়ো ও কুচোনো ধনেপাতা ছড়িয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিন, যাতে মশলার গন্ধ ভাল ভাবে মাংসের সঙ্গে মিশে যায়।

ভাইফোঁটার দিন গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন লাহোরি স্বাদের এই পাঁঠার মাংসের পদ। ভাই-বোনের পাতের ভোজে জমে যাবে নতুন স্বাদের এই আয়োজন!

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Mutton Recipe Food Festival Bhaifota kalipuja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy