উপকরণ
মুরগির মাংস - ৫০০ গ্রাম
শুকনো লঙ্কা - ৬-৭ টি
তেজপাতা - ২টি
লবঙ্গ-৪টি
ছোট এলাচ - ৩টি
গোলমরিচ - ১ চা চামচ
মৌরি ২ চা চামচ
দারচিনি - ৩টি
সরষের তেল - ১০০মিলি
ঘি - ১ চা চামচ
পেঁয়াজ কুচি - ৪ টি (বড় পেঁয়াজ)
নুন - স্বাদমত
আদা-রসুন বাটা - ৫ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো - ২ চা চামচ
টক দই - ২০০ গ্রাম
কসুরি মেথি- ২ চা চামচ
প্রণালী
প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। সমস্ত গোটা মশলাগুলি ভাল করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিন। এরপর একটি কড়াইতে সর্ষের তেল এবং ঘি গরম করে পেঁয়াজ ভেজে নিন। পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিন আদা-রসুন বাটা। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য স্বাদমত নুন দেবেন। আদা রসুন বাটার গন্ধ চলে গেলে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আগে থেকে কেটে রাখা মাংসগুলো দিয়ে খুব ভাল করে কষিয়ে নিন মশলা এবং মাংস। তেল ছেড়ে আসতে শুরু করলে আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে।
ভাল করে সবকিছু মিশিয়ে নিয়ে দিন ফেটানো টক দই। ১০-১৫ মিনিট খুব ভাল করে মাংসটা কষিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দেবেন। তারপর একটি পাত্র চাপা দিয়ে গ্যাসের আঁচ মাঝারি রেখে মাংস সেদ্ধ হতে দিন। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিন কসুরি মেথি। এরপর গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন, যাতে কাশ্মীরি মশলার সুবাস পুরো মাংসে মিশে যায়।
খুব সহজেই ঘরোয়া এবং অল্প উপকরণে তৈরি হয়ে যাবে সুস্বাদু কাশ্মীরি পদ চিকেন কান্তি। ভাইফোঁটার দিন ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন মুরগির মাংসের এই পদ।
আরও পড়ুন:
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।