Health Partner
Comfort Partner
Knowledge Partner

ভাইফোঁটার দিন ভাইয়ের পাতে দিন অন্যতম এই মুরগির রেসিপি

এ বারের ভাইফোঁটায় অন্য রকম কিছু রেঁধে তাক লাগিয়ে দিতে চান? তবে আস্থা রাখতেই পারেন চেনা মুরগির মাংসের এই অচেনা পদে। কষা, দোপেঁয়াজা বাদ দিন এ বছর। তার চেয়ে সহজেই বানিয়ে ফেলুন সবুজ রঙা, সুস্বাদু বেগমতি মুরগি।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৬:০৫
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

উপকরণ:

মুরগির মাংস: ৫০০ গ্রাম (হাড়বিহীন)

কাজু বাদাম- ১০-১৫টি (আগে থেকে জলে ভিজিয়ে রাখা)

পেঁয়াজ কুচি (মিহি) - ৪টি

সাদা তেল- ১০০ মিলি

এলাচ- ২টি

নুন – স্বাদ মতো

আদা-রসুন বাটা - ৫ চা চামচ

জিরে গুঁড়ো- ১ চা চামচ

ধনে গুঁড়ো - ১ চা চামচ

হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ

গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ

ধনেপাতা- এক আঁটি

পেঁয়াজ পাতা - এক আঁটি

কাঁচা লঙ্কা- ১০টি

লেবু- ১টি

প্রণালী

প্রথমেই আগে থেকে ভিজিয়ে রাখা কাজুবাদাম ভাল করে বেটে নিন। এর পরে কড়াইয়ে সাদা তেল গরম করে নিন। এর মধ্যে এলাচ এবং আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে দিয়ে দিন স্বাদ মতো নুন। এর পরে দিন আদা রসুন বাটা। ভাল করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিন কড়াইতে। এ বার পাঁচ থেকে সাত মিনিট পেঁয়াজের সঙ্গে মাংসগুলো ভাল করে মেশান। পেঁয়াজ এবং মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে এ বার দিন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সব কিছু খুব ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা কাজু।

কাজু বাটা দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট ভাল করে মাংস এবং মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে। এই কষানোর সময়ে অবশ্যই গ্যাসের আঁচ কম রাখতে হবে। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিন গোলমরিচ গুঁড়ো। এ বার অন্য একটি পাত্রে পেঁয়াজপাতা, ধনেপাতা এবং কাঁচালঙ্কা এক মিনিট সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে যাওয়ার পরেই গরম জল থেকে সব উপকরণ তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ডুবিয়ে দিতে হবে। উপকরণগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে খুব ভাল করে মিহি করে বেটে নিন। পেঁয়াজ পাতা, ধনেপাতা এবং কাঁচালঙ্কা সেদ্ধ করা জলটার আধ কাপ ঢেলে দিন মাংসের মধ্যে।

এ বার পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিতে হবে। মাংস থেকে তেল ছেড়ে এলে আগে থেকে বেটে রাখা ধনেপাতা, পেঁয়াজ পাতা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিন। সঙ্গে উপর থেকে দিন একটি লেবুর রস। এর পরে গ্যাসের আঁচ বাড়িয়ে রেখে তিন থেকে চার মিনিট মাংস রান্না করুন।

এ বার গ্যাসের আঁচ নিভিয়ে দিলেই তৈরি সুস্বাদু বেগমতি মুরগি। ভাত বা রুটির যে কোনও পদের সঙ্গে পরিবেশন করুন এই পদ।

এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।

Chicken easy chicken recipe Foods kalipuja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy