দুর্গাপুজো মানেই বাঙালির উৎসব। আর উৎসবের দিনে রাজকীয় খাবার চাই। বাইরে ভিড় তাই খুব সহজেই বাড়িতে চিকেন বানাতে চাইলে বানিয়ে ফেলুন এই পদটি, চিকেন আফগানি। আপনার হাতে তৈরি এই পদ রেস্তরাঁকে টেক্কা দেবেই!
উপকরণ : চিকেন এক কেজি, পুদিনা পাতা এক আঁটি, ধনে পাতা এক আঁটি , কাঁচা লঙ্কা দশটি, পেঁয়াজ দুটি, আদা একটি, রসুন ১৫ কোয়া, দই ২০০ গ্রাম, লবণ, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, ঘি/মাখন, ছোট এলাচ পাঁচ - ছয়টি, লবঙ্গ তিন - চারটি, হলুদ গুঁড়ো এক চা চামচ, জিরে গুঁড়ো এক চা চামচ, ধনে গুঁড়ো এক চা চামচ, কাসুরি মেথি, দুই চা চামচ কাজু বাটা
প্রণালী : চিকেন ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর একটি মিক্সিং পাত্রে পুদিনা পাতা, ধনে পাতা, পাঁচটি কাঁচা লঙ্কা, দুটি কুচনো পেঁয়াজ, দশটি কুচনো আদা এবং ১৫ কোয়া রসুন এবং সামান্য জল দিয়ে ভাল করে মিহি মিশ্রণ করে নিন। এরপর দই ভাল করে ফেটিয়ে মিশ্রণটি দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। এরপর চিকেনটি ভাল করে লবণ, চার টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং চার - পাঁচ টেবিল চামচ দইয়ের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিন। অন্তত এক ঘণ্টা চিকেনটা এই অবস্থায় রেখে দিন, এক ঘণ্টার বেশি রাখলে আরও ভাল হয়।
আরও পড়ুন:
এরপর একটা কড়াইয়ে ছয় - সাত টেবিল চামচ সাদা তেল গরম করে নিন এবং এর মধ্যে সামান্য ঘি বা মাখন দিয়ে নিন। তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দিন ছোট এলাচ, লবঙ্গ। সামান্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিন আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণ। গ্যাসের আঁচ মাঝারি রেখে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এক চা চামচ গোলমরিচ গুঁড়ো, তিন টেবিল চামচ কাসুরি মেথি এবং স্বাদমত লবণ। এবার একটি পাত্র দিয়ে কড়াই চাপা দিয়ে গ্যাসের আঁচ মাঝারি রেখে তেল না বেরিয়ে আসা পর্যন্ত রেখে দিন। ততক্ষণে অন্য একটি পাত্রে সামান্য তেল বা মাখন দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলির দু ' পিঠ ভাল করে ভেজে নিন। খুব ধৈর্য্য সহকারে গ্যাসের আঁচ কমিয়ে রেখে দু ' পিঠ ভাজবেন। মাংস ভাজতে ভাজতে ততক্ষণে কড়াইয়ের মশলা থেকে তেল ছেড়ে আসবে। এইবার কড়াইয়ে দিয়ে দিন দুই চা চামচ কাজু বাটা। ভাল করে সবকিছু মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এই মিশ্রণে দিয়ে দিন। এরপর ভাল করে মাংস মিশ্রণের সাথে মিশিয়ে একটি পাত্র চাপা দিয়ে রান্না করুন আরও ১২-১৫ মিনিট। ঢাকনা খুলে গ্যাস বন্ধ করে দিলেই তৈরি এই পদটি।
পুজোয় বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন চিকেনের এই রাজকীয় পদ আফগানি চিকেন। ভাতের পদ, লুচি, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন। পরিবার হোক কিংবা বন্ধুরা চেটেপুটে খাবেনই।
এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ