Health Partner
Comfort Partner
Knowledge Partner

লক্ষ্মীপুজোর ভোগে ফুলকপি দিয়ে মালাইকারি! চেনা আনাজে এমন রাজকীয় স্বাদ আনবেন কী ভাবে? রইল রেসিপি

লক্ষ্মীপুজোর ভোগে ফুলকপি থাকবেই। কিন্তু প্রতি বার সেই একঘেয়ে তরকারি কেন? এ বার ভোগের থালায় থাকুক মাখোমাখো ফুলকপির মালাইকারি। রইল সহজ রেসিপি।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ ২৩:০১
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুজো মানেই ঘরে ঘরে নিরামিষ রান্নার আয়োজন। ভোগের থালায় খিচুড়ি, পাঁচ রকম ভাজা থেকে নানা রকম তরকারি, বাদ পড়ে না কিছুই। আর ফুলকপি থাকলে তো কথাই নেই! তবে সেই একঘেয়ে ফুলকপির তরকারি না করে এ বার স্বাদ বদল হোক একটু অন্যভাবে।

কাজু, চারমগজ আর নারকেলের দুধের মিশেলে বানিয়ে ফেলুন মাখোমাখো ফুলকপির মালাইকারি। স্বাদে-গন্ধে এই পদ জমিয়ে দেবে লক্ষ্মীর ভোগের থালা। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

উপকরণ:

ফুলকপি ১টি, আলু ২টি, কাজুবাদাম ১০-১২টি, চারমগজ ১ টেবিল চামচ, নারকেলের দুধ ১ কাপ, আদাবাটা ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো আধ চা চামচ, গোটা গরমমশলা, তেজপাতা ১টি, চিনি ও নুন স্বাদমতো, ঘি ১ চা চামচ, সাদা তেল পরিমাণমতো।

প্রণালী:

প্রথমে ফুলকপি মাঝারি আকারে কেটে নুন-হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখুন। আলুও ভেজে নিন। কাজুবাদাম ও চারমগজ অল্প জলে ভিজিয়ে মিহি বেটে নিন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিন। আদাবাটা দিয়ে কষিয়ে জিরে গুঁড়ো ও সামান্য হলুদ মেশান। এ বার কাজু-চারমগজের বাটা দিয়ে অল্প আঁচে কষান। ভাজা ফুলকপি ও আলু দিয়ে নুন, চিনি এবং নারকেলের দুধ মিশিয়ে দিন। ঢাকা দিয়ে কম আঁচে রান্না করুন, যাতে ফুলকপি ভাল ভাবে সেদ্ধ হয় এবং মশলা গায়ে মাখে। ঝোল ঘন হয়ে এলে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।

লক্ষ্মীপুজোর ভোগে গরম গরম লুচি কিংবা বাসন্তী পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন ফুলকপির মালাইকারি।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Recipe Laxmi Puja

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy