ভোজন বিলাসী বাঙালির পুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া। এ আর কী নতুন কথা? কিন্তু বর্তমানে অনেকেই নিজের শরীর নিয়ে খুবই সচেতন। তা বলে পুজোর দিনও ডায়েট করবেন? যদি করেনও একটুও কি চেখে দেখতে ইচ্ছে করবে না ভাল-মন্দ খাবারগুলো? এই পুজোয় বেছে নিন এমনই এক খাবার যাতে রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া, একই সঙ্গে ডায়েটও থাকবে বজায়।
স্বাস্থ্য সচেতন ব্যক্তির পছন্দের খাবার ওট্স। যা ওজন নিয়ন্ত্রণে অনেকখানি সাহায্য করে। এই ওট্স দিয়ে যদি বানিয়ে নিতে পারেন পোলাও তা হলে কেমন হয়? চিঁড়ের পোলাও তো অনেক খেয়েছেন, ওট্স দিয়ে পোলাও বানাতে ঠিক কী করতে হবে জানেন? জলখাবারের জন্য আদর্শ, একই সঙ্গে ওজন বৃদ্ধিরও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
উপকরণ
রোলড ওট্স - ১ কাপ
জল - ২ কাপ
সব্জি - নিজের ইচ্ছে মতো (গাজর, ক্যাপসিকাম, বিনস্)
গরম মসলা গুঁড়ো- এক চিমটে
হলুদ গুঁড়ো- এক চিমটে
জিরে গুঁড়ো- হাফ চা চামচ
ধনে গুঁড়ো- হাফ চা চামচ
নুন- এক চিমটে
আখের গুড় গুঁড়ো- এক চা চামচ
কাজু- ৫-৬ টি
কিসমিস- ৫-৬ টি
আমন্ড- ৫-৬ টি
তেল- সামান্য
কী ভাবে বানাবেন
প্রথমে সব্জিগুলো কেটে রাখুন ছোট ছোট করে। এরপর একটা কড়াইয়ে শুকনো খোলায় কাজু, আমন্ডগুলো ভেজে নিন। তারপর সেই কড়াইতে সামান্য তেল দিয়ে সবজিগুলো ভাজুন। মোটামুটি ভাজা হলে তাতে এক চিমটে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হ্লুদ গুঁড়ো যোগ করুন। সবকিছু ভাল করে ভাজা হয়ে গেলে, তাতে ১ কাপ রোলড ওট্স দিয়ে একটু মিশিয়ে নিয়ে, ২ কাপ জল ঢেলে দিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন পাঁচ থেকে সাত মিনিট। এরপর ঢাকা খুলে দেখুন ওট্স সেদ্ধ হয়েছে কি না আর জল শুকিয়ে ঝরঝরে হয়েছে কি না। তা হয়ে গেলে দিয়ে দিন এক চামচ আখের গুড় গুঁড়ো, কিসমিস, ভেজে রাখা কাজু, আমন্ড। এরপর ভাল করে সব কিছু মিশিয়ে তাতে উপর থেকে ছড়িয়ে দিন এক চিমটে গরম মশলা গুঁড়ো। তাহলেই তৈরি এ বারের পুজোর হিট জলখাবার ওট্সের পোলাও। এই পোলাও-এর সঙ্গে আপনার পুজো হয়ে উঠুক ডায়েটের পক্ষে সহজ এবং বাঙালিয়ানায় ভরপুর।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।