Health Partner
Comfort Partner
Knowledge Partner

কালীপুজোয় সরিয়ে রাখুন তুবড়ি-রংমশাল-চড়কি, বাজি কিনতে যাওয়ার আগে জেনে নিন সরকার অনুমোদিত সবুজ বাজির নাম

এ বছর বাজি বাজারে ক্রেতাদের নজর কেড়েছে বেশ কিছু নতুন বাজি। আদালতের নির্দেশিকা মেনে সবুজ বাজি বিক্রির অনুমতিও দিয়েছে সরকার। এ বারের দীপাবলিতে সেই সব অভিনব ও পরিবেশবান্ধব বাজির চাহিদাই তুঙ্গে।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ২২:১৭
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আলোর উৎসব কালীপুজো। দশমহাবিদ্যার প্রথম স্বরূপ কালী, যাঁর নামেই লুকিয়ে আছে কাল শব্দটি। যার আক্ষরিক অর্থ মৃত্যু। তবে, এই মৃত্যুর অর্থ সব শেষ হয়ে যাওয়া নয়। বরং অজ্ঞানতার বিনাশ ঘটিয়ে আলোর পথ দেখান স্বয়ং দেবী। সমাজের নানা স্তরে জমতে থাকা অন্ধকার দূর করে আলোর পথ দেখান আদ্যাশক্তি। কালীকে স্মরণ করে সেই আলোক উৎসবেরই উদযাপন দীপাবলি।

দীপাবলি মানেই আলোর মালায় সেজে ওঠা। আর কার্তিকের এই আলোকৎসব উদযাপনের অন্যতম মাধ্যম বাজি। এ বারের দীপাবলিতেও কি সেই একঘেয়ে বাজি ফাটাবেন? এ বছর বাজি বাজারে ক্রেতাদের নজর কেড়েছে বেশ কিছু নতুন বাজি। আদালতের নির্দেশিকা মেনে সবুজ বাজি বিক্রির অনুমতিও দিয়েছে সরকার। এ বার দীপাবলিতে সেই সব অভিনব ও পরিবেশবান্ধব বাজির চাহিদাই তুঙ্গে।

বাজারে পা রাখার আগে বরং জেনে নিন কোন কোন বাজি আছে তালিকায়।

ম্যাজিক ফাউন্টেন ও থ্রি-ইন-ওয়ান তুবড়ি: এই তুবড়ি প্রচলিত তুবড়ির চেয়ে আলাদা। অভিনব এই তুবড়ি জ্বালালে প্রথমে লাল, তার পরে সবুজ এবং শেষে রুপোলি রঙের আলো বেরোয়। কিছু কিছু তুবড়িতে আলোর সঙ্গে সামঞ্জস্য রেখে হয় শব্দও।

কালার চেঞ্জিং চড়কি: এই চড়কি ঘোরার সময়ে প্রতি মুহূর্তে রং বদলায়। মাটিতে ঘোরার সময়ে আলাদা আলাদা লাল, নীল, হলুদ ও সবুজ রঙের বৃত্তও তৈরি করে।

ক্র্যাকিং স্পার্কলার্স: সাধারণ ফুলঝুরির মতো দেখতে হলেও চিরাচরিত ফুলঝুরির সঙ্গে এর বিস্তর ফারাক। আলোর সঙ্গে চটাপট শব্দ ও আলোর বিচ্ছুরণ হয় এই বাজি ফাটানোর সময়ে। শিশুদের মধ্যে এই বাজি বেশ জনপ্রিয়।

পপ-পপ ও স্ন্যাপ ক্র্যাকার্স: এই বাজিও ছোটদের মধ্যে বেশ জনপ্রিয়। এই বাজি ফাটাতে প্রয়োজন নেই আগুনেরও। মাটিতে ফেললেই ফাটে এই স্ন্যাপ ক্র্যাকার্স। সম্পূর্ণ ধোঁয়াহীন এবং বারুদ ছাড়া তৈরি।

এ ছাড়াও পরিবেশবান্ধব বাজির তালিকায় আছে মিউজিক্যাল শেল। যেগুলি আকাশে গিয়ে বিকট শব্দের বদলে তৈরি করে আলো ও মিষ্টি শব্দ। পাশাপাশি, বর্তমানে মাল্টি শট নামে একটি বাজিও বাজারে বেশ জনপ্রিয়। আকাশে গিয়ে একেবারে তিরিশ বা পঞ্চাশ বার পর্যন্ত ফাটতে পারে এই বাজি।

এই সবক’টি বাজিই আদালত অনুমোদিত। পাশাপাশি, সরকারের অনুমোদন পাওয়া এই সব বাজির শব্দসীমাই ১২৫ ডেসিবেলের নীচে।

দীপাবলিতে বাজির বাজার করতে গিয়ে শুধু তুবড়ি, ফুলঝুরি, রংমশাল বা চড়কি কিনবেন না তা হলে। পছন্দে থাক নতুন এই আতসবাজি। আর হ্যাঁ, নিয়ম ভেঙে শব্দবাজি কিনলেই কিন্তু বিপদ। বর্তমানে শব্দবাজি কেনা আইনত দণ্ডনীয়।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Fire Cracke Diwali light kalipuja Green Governemnt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy