দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি বিখ্যাত পুজো হয়। সেই তালিকায় কয়েকটি পুজো যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে হাঁটাপথেই দেখে ফেলা সম্ভব। এই স্টেশনে নেমে কোন কোন পুজোয় সহজেই পৌঁছে যেতে পারবেন, রইল তার তালিকা —
১. হাজরা পার্ক
হাজরা পার্ক দক্ষিণ কলকাতার অনেক পুরনো পুজো। শোনা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। এ বার তার ৮৬ বছর। এ বছর মণ্ডপ সেজেছে 'চিরায়ত' থিমে। বাংলায় লোকশিল্প এবং সংস্কৃতি নিয়ে এই বিষয়ভাবনা। টেরাকোটা, ডোকরা, এবং কাঠের পুতুলের কারুকাজে ভরে উঠেছে মণ্ডপ। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে মাত্র তিন চার মিনিটের হাঁটাপথে এই পুজো।
আরও পড়ুন:
২. সংঘশ্রী
কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম সংঘশ্রী। এ বছর তাদের বিষয়ভাবনা 'ঐতিহ্য ও নান্দনিক শিল্পকলার অপূর্ব মেলবন্ধন'। অর্থাৎ এ কাল এবং সে কালের শিল্পকলার মিলেমিশে ধরা দিয়েছে এই পুজোয়। এই মণ্ডপেও যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে হাঁটাপথে মিনিট দশেকে পৌঁছে যাওয়া যায়।
৩. ম্যাডক্স স্কোয়্যার
কলকাতার ঐতিহ্যবাহী পুজো তো বটেই, বলা যায় বহু মানুষের আবেগের পুজো ম্যাডক্স স্কোয়্যার। পুজোর মাঠে বন্ধুদের আড্ডা, প্রথম প্রেম, ফুচকা-পাপড়ি চাট এবং প্রথম রাত জেগে ঠাকুর দেখা—কলকাতার প্রজন্মের পর প্রজন্মের অজস্র আবেগ আর স্মৃতির সাক্ষী এই মণ্ডপ। ম্যাডক্সের এই পুজোর কোনও থিম নেই, আছে সুন্দর আলোকসজ্জা এবং চিরচেনা সাবেক সাজের প্রতিমা। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে প্রায় কুড়ি মিনিটের হাঁটাপথ। তবে আলোর সজ্জা এবং অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে কখন যে মণ্ডপে পৌঁছে যাবেন, বুঝতেও পারবেন না।
এই প্রতিবেদনটি আনন্দ উৎসব ফিচারের একটি অংশ