থিমের চমক, শিল্পের অভিনবত্ব, চোখধাঁধানো উপস্থাপনা— দুর্গাপুজোর আয়োজনে গত কয়েক বছরে এই সবেরই রমরমা। কিন্তু এই প্রতিযোগিতার ভিড়ে পুজোর সেই চেনা আবেগ, নিষ্ঠা আর সাবেকি আমেজ কি কোথাও ফিকে হয়ে যাচ্ছে?
বনেদি বাড়ির দুর্গাদালানে মায়ের শান্ত, স্নিগ্ধ রূপ আজও যে ভাবে মন কাড়ে, তাতেই স্পষ্ট ঐতিহ্যের টান ফুরিয়ে যায়নি। সেই টানকেই নতুন করে ফিরিয়ে আনার ভাবনা আনোয়ার শাহ রোডের পূর্বাচল উদয়ন সংঘের।
আরও পড়ুন:
পুজোর ত্রিশতম বর্ষে তাদের থিম ‘উদ্যানে সনাতন’। সাবেকিয়ানাকে আধুনিকতার সঙ্গে মিলিয়ে এক অন্যরকম উপস্থাপনার পরিকল্পনা। পুরনো মানেই পিছিয়ে থাকা নয়, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়েও ঐতিহ্যকে আপন করে নেওয়া যায়— এই ভাবনাই যেন ফুটে উঠবে পুজোর আয়োজনে।
এ বারের আকর্ষণ অবশ্য দুই শিল্পীর যুগলবন্দি। থিমের দায়িত্বে সোমনাথ মুখোপাধ্যায়, আর প্রতিমা নির্মাণ করেছেন সনাতন দিন্দা। এক দিকে থিমের পরিকল্পনা, অন্য দিকে প্রতিমার নিজস্ব শিল্পভাষা— দুইয়ের মেলবন্ধনে মায়ের যে রূপ তা দেখতে আগ্রহী দর্শনার্থীরা। নামের মিলেও রয়েছে মজার ইঙ্গিত— সনাতনী সোমনাথ বনাম সনাতন! এই দ্বৈরথে কে কাকে ছাপিয়ে যাবেন, তার চেয়েও বড় প্রশ্ন, দুই শিল্পীর ভাবনা মিলিয়ে সাবেকিয়ানার ক্যানভাস কতটা নতুন হয়ে ওঠে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।