পুজোয় রাস্তায় ঘুরতে ঘুরতে নেটপ্যাক শেষ। এমন সময়েই আপনার ফোনে দেখতে পেলেন বিনামূল্যের ওয়াই-ফাই নোটিফিকেশন। খুশি হয়ে করে নিলেন কানেক্ট। ব্যস! সর্বনাশ! আপনি কি জানেন, যত্রতত্র বিনামূল্যের ওয়াই-ফাই কানেক্ট করলে ঠিক কী কী হতে পারে? তারই হালহদিশ এই প্রতিবেদনে —
১. অরক্ষিত নেটওয়ার্কে আপনার ব্রাউজিং ডেটা বা লগইন তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত তথ্য।
২. হ্যাকাররা আসল নামের মতো নাম তৈরি করে ব্যবহারকারীদের ওয়াই-ফাই কানেক্ট করাতে পারে। ফলে তাদের ফোন বা বিশেষ কোনও অ্যাপ হ্যাক করতে সুবিধা হয়।
৩. কোনও ভাবেই ব্যাঙ্কের কোনও লেনদেন করবেন না এই ওয়াই-ফাই দিয়ে। আপনার ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য ফাঁস হয়ে যেতে পারে।
আরও পড়ুন:
৪. বিশেষত সুরক্ষা ছাড়া বা সন্দেহজনক নেটওয়ার্কে লগইন করলে আপনার সমস্ত পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে।
৫. নিরাপদ নয়, এমন নেটওয়ার্ক ব্যবহার করলে ক্ষতিকর সফটওয়্যার বা ফিশিংয়ের ফাঁদে পড়তে পারেন। এর ফলে ডিভাইসে ম্যালওয়্যার ঢোকার ঝুঁকি থাকে।
৬. অরক্ষিত নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইসের কিছু শেয়ারিং ফিচার ঝুঁকিপূর্ণ হতে পারে। এর ফলে ব্যক্তিগত ছবি ও ফাইলের গোপনীয়তা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
৭. আগে ব্যবহার করা কোনও ব্যক্তির নামের মতো নেটওয়ার্কে ফোন নিজে থেকেই কানেক্ট হয়ে যেতে পারে। ফলে ফোনের ক্ষতি হতে পারে।
পুজোর ভিড়ে ওয়াই-ফাই অন না করে চলাই মঙ্গল। ভিড়ের মধ্যে যেখানে সেখানে ওয়াই-ফাই কানেক্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। পুজোর ভিড়ে নকল ওয়াই-ফাই শনাক্ত করাও তো কঠিন!
তার চেয়ে খানিকটা সাবধান হওয়াই ভাল নয় কি?
এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।