E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পুজোর ছুটির খেয়ালখুশি

পাঠ্যপুস্তকের মতো চেহারা হলেও ভিতরে আসলে ছুটির ঘণ্টাবিহীন খেয়ালখুশি, হুটোপাটির অফ-পিরিয়ড।

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৭:৪৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নকশিকাঁথার ফোঁড়ের মায়া-জাগানিয়া প্রচ্ছদ। কচি পাঠকের মন ভোলাতে গল্পের আসর, কবিতা, ছবি। অরুণাচল দত্তচৌধুরীর কলমে অঙ্কপাগল ভূতের ছায়াময় কাহিনি; প্রোফেসর শঙ্কুর বিজ্ঞান-দুনিয়ার স্মৃতি ফেরায় দেবজ্যোতি ভট্টাচার্যের ‘বিদায় প্রফেসর’। অনিতা অগ্নিহোত্রী অমর মিত্র ভগীরথ মিশ্র জয়ন্ত দে সুনির্মল চক্রবর্তী পত্রলেখা নাথ-সহ নবীন লেখকদের রঙিন মেলা, ছোটগল্পে। পড়ার তৃষ্ণা বাড়ায় ‘ড্রাগণ্ডার’, ‘সোঁদালপোকা’, ‘পিঁপড়ের অভিশাপ’, ‘ডায়াং থং-এর এক রাত’। রয়েছে একগুচ্ছ অণুগল্প। সযত্ন সম্পাদনা, সরল চিত্রমালা, মজবুত মলাট।

আমপাতা জামপাতা, ছোটদের আনন্দবার্ষিকী ২০২৬

সম্পা: দেবাশিস্ বসু

৩৭৫.০০

পাঠ্যপুস্তকের মতো চেহারা হলেও ভিতরে আসলে ছুটির ঘণ্টাবিহীন খেয়ালখুশি, হুটোপাটির অফ-পিরিয়ড। শুরুতেই বাণীব্রত চক্রবর্তীর রুকু ও পাগলা হরতনের মনকেমন-মাখা গল্প। মূর্তি গড়া নিয়ে গল্প আর একগুচ্ছ ছড়া-কবিতায় ধরা শরতের আমেজ। ছোটদের জন্য বিশেষ উপহার হিসাবে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল অবলম্বনে লেখা ছড়া-নাটিকা। তবে, যন্ত্রের তৈরি অলঙ্করণ আর আলোকচিত্রগুলি চমকদার হলেও পাঠের মজায় তাল কাটে।

সঞ্চিতা পূজাবার্ষিকীসম্পা: তরুণকুমার সরখেল

২০০.০০

রূপকথাময় বাংলার পল্লির জাদু-আঘ্রাণ ছড়িয়ে কথা, কাহিনি, ছবিতে। হুপো পাখি মোহনচূড়ার গল্প আছে, ফিরেছে ঘুমপাড়ানি ছড়ার ভুবন। ‘দোল দোল দুলুনি’, ‘ঘুমপাড়ানি মাসিপিসি’-র সম্পূর্ণ রূপটি মনে করানোর পাশাপাশি আছে ‘খোকা হবে নায়েব/ সঙ্গে যাবে সাহেব’-এর মতো ভুলতে বসা পদ্য। হ্যারি পটার নিয়ে গল্পগাছা, সঙ্গে বাংলার লোকায়ত জগতের গুপ্তধনের সন্ধান। চিন্তার সলতেয় আলো জ্বালাবে দেশি-বিদেশি রূপকথার আলোচনা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কলমের চমৎকারিত্ব বিশ্লেষণ করা প্রবন্ধ, ঠাকুরবাড়ি-বিদ্যাসাগরের জগৎ। জঙ্গলমহলের ছড়া, গাজনে শোনা কবি-প্রশ্ন, হারানো ধাঁধা-পদ্যের পসরা, অভিনব।

ছোটদের আলোলিকা শারদ সংখ্যা

সম্পা: ইন্দ্রাণী সরকার

১৫০.০০

সাড়ে বিরাশিটা মাঠ পেরিয়ে ছোটদের দুপুরপুরে পৌঁছে দেন শ্যামলকান্তি দাশ, ফুলমতি হাতি আর বন্ধু পাখির গল্প মেলে, জানা যায় হরনাথের হাসি ফিরে আসার গল্প। এমনই মায়া ও রোমাঞ্চের খোঁজ পাতায় পাতায়। খুশির রোশনাই আনে হালকা মেজাজের পদ্য। যুগের রীতি মেনে ছবি আঁকায় হাত লাগিয়েছে কৃত্রিম মেধা, তবে মন্দ হয়নি। রংভরা প্রচ্ছদে খুদে শিল্পীর আঁকা দুর্গা।

উড়োজাহাজ পুজোসংখ্যাসম্পা: তরুণকান্তি বারিক

২০০.০০

প্রায় চারশো পাতা জুড়ে ছোটদের জন্য লেখাপত্তর। উপন্যাসে ফিরেছে পুরনো দিনের ডাকাত পড়ার আখ্যান, গোয়েন্দা কাহিনি, হিমালয়ের রাজকাহিনি। বড় গল্পে আতঙ্কের হিমেল পরশ শিশির বিশ্বাসের ‘ফুলবাড়ির সেই সন্ধ্যা’য়, রহস্যরোমাঞ্চের জোগান সায়ন্তনী পলমল ঘোষের কলমে। ছোটগল্পে ভৌতিক-অলৌকিক, কল্পবিজ্ঞান, মহাজাগতিক, মার্ভেল বিশ্ব, ইতিহাসের পরশ— সব স্বাদ। অনুবাদ গল্প বিভাগটি আকর্ষণীয়, রেনে গোসিনি-র অল্পপরিচিত কিন্তু দুষ্টুমিতে ভরা নিকোলাস ও দলবলের সঙ্গে ছোটদের পরিচয় করানোর ভাবনাটি চমৎকার। বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলি পাঠ্যপুস্তক সহজ করার কাজ করেছে। ছবি আর একটু বেশি থাকলে মন্দ ছিল না, তবে সেই আফসোস মিটিয়েছে প্রচ্ছদটি।

সায়ন্তনী শারদসংখ্যা

সম্পা: অপূর্ব দাস

২২০.০০

স্বর্ণযুগের গল্প-ছড়া বিভাগগুলি বাংলা সাহিত্যের মণিমাণিক্যের দ্যুতিতে ভরা। পুজোর ছুটির অবসরে ছোটদের পরিচয় হবে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র থেকে সত্যেন্দ্রনাথ দত্ত, মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে। কিশোর মন রাখতে রয়েছে এ কালের রহস্য উপন্যাস, আধুনিক কালের লেখকদের সাজানো গল্প বিভাগটিও বিষয়গুণে বিচিত্র। স্বপ্নে দেখা রূপকথা-নগরী, বাঘ-কাহিনি: হাস্যরসে জমজমাট। নরম পদ্যগুলিও মন ভোলাবে। বিশেষ উল্লেখ্য প্রবন্ধ বিভাগ— ‘বন্দে মাতরম্’ নিয়ে ছোটদের উপযোগী নানা কথা; ফেলুদাকে নিয়ে সহজ-সরল অথচ তথ্যসমৃদ্ধ আলোচনা, কাজে লাগবে কুইজ়ে। পত্রিকার পাতায় পাতায় ছবিগুলিও সুন্দর, ত্রুটি নেই অন্দরের আনন্দবাসরে।

কিশোর দুনিয়া শারদসংখ্যা

সম্পা: তাপস মুখোপাধ্যায়

১৫০.০০

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Review book review

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy