প্রাক্-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পড়ুয়াকে ব্যবহার করতে দেওয়া যাবে না জেনারেটিভ এআই। আগামী এক বছরের জন্য সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিউ ইয়র্কে।
আমেরিকার সব থেকে বেশি স্কুল রয়েছে নিউ ইয়র্ক সিটিতে। সেখানেই এই সিদ্ধান্ত নিয়েছেন মেয়র জোহরান মামদানি এবং স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েল। তাঁরা স্থির করেছেন, আপাতত এক বছর প্রাক্-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পঠনপাঠনে ব্যবহার করা যাবে না কৃত্রিম বুদ্ধিমত্তা। পাশাপাশি তাদের ‘স্ক্রিন টাইম’ কমানোর দিকে নজর দিতে হবে।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নিউ ইয়র্কে নতুন শিক্ষাবর্ষ। তার আগে এই নীতি চালু করলেন মেয়র। এর ফলে প্রায় ৬ লক্ষ পড়ুয়ার পঠনপাঠনে প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ভাবে নেওয়া হয়েছে, তা-ই নয়। এর আগে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত ব্যবহার নিয়ে আপত্তি তুলেছিলেন অভিভাবকেরাও।
জানা গিয়েছে, সব শ্রেণির পড়ুয়াদের জন্য সহায়ক চ্যাটবটও নিষিদ্ধ করা হচ্ছে নিউ ইয়র্কে। মামদানি বলেছেন, “প্রযুক্তিশিল্প আমাদের বোঝানোর চেষ্টা করছে এআই-নির্ভর প্রাথমিক শিক্ষা অনিবার্য। কিন্তু আমরা বিষয়টিকে এ ভাবে দেখছি না। তাই প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য জেনারেটিভ এআই ব্যবহার এক বছরের জন্য স্থগিত করা হচ্ছে। এই প্রযুক্তির প্রভাব পড়ুয়াদের ওপর কী ভাবে পড়ছে, তা নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন।”
আমেরিকার শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ও স্কুল থেকে দেওয়া ডিভাইসের ব্যবহার নিয়ে গত কয়েক দিন ধরেই অভিভাবকদের মধ্যে আপত্তি উঠছিল। বিশেষত পড়ুয়াদের শিক্ষণ কৌশল ও বৌদ্ধিক বিকাশের উপর এআই এবং অতিরিক্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছিল। চিকিৎসকদের একাংশও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কের এই সিদ্ধান্তের আগে লস অ্যাঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টও শ্রেণিকক্ষে ‘স্ক্রিন টাইম’ কমানো এবং প্রি-স্কুল, কিন্ডারগার্টেন ও প্রথম শ্রেণিতে ডিভাইসের ব্যবহার সীমিত করার নীতি চালু করেছে।
আরও পড়ুন:
-
গেট ২০২৭-এর আবেদন প্রক্রিয়া শুরু করল আইআইটি মাদ্রাজ, কী কী বিষয়ের পরিবর্তন হচ্ছে এ বারের পরীক্ষায়?
-
নিট পিজি ২০২৬, স্মৃতি থেকেও আলোচনা করা যাবে না কোনও প্রশ্নের! পরীক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা কর্তৃপক্ষের
-
মাল্টি-ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা বিষয়ে আগ্রহী! ১০০ ঘণ্টার প্রশিক্ষণের সুযোগ আইআইটি মাদ্রাজে
নিউ ইয়র্কের নতুন নীতিতে দ্বিতীয় শ্রেণি ও তার নীচের পড়ুয়াদের জন্য স্কুলে একসঙ্গে ব্যবহারযোগ্য ডিভাইসে পড়ার সময় সীমিত করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ৩০ মিনিট এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ মিনিট ‘স্ক্রিন টাইম’ রাখার সুপারিশ করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে ছাড়ও থাকছে। উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য সারা বছর কয়েকটি এআই পরীক্ষামূলক কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছেন মামদানি।
বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া, বহুভাষী শিক্ষার্থী এবং পেশাভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে এআই ব্যবহারের অনুমতি থাকবে বলে অবশ্য জানানো হয়েছে। শিক্ষকেরা পাঠ পরিকল্পনা ও প্রশাসনিক কাজেও এআই ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
এরই পাশাপাশি চলবে পর্যালোচনা। স্কুলগুলিতে ব্যবহৃত সমস্ত প্রযুক্তিগত সরঞ্জাম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন বিশেষজ্ঞেরা। কোন কিছু শেখার ক্ষেত্রে অত্যাবশ্যক নয় বলে চিহ্নিত হলে সেই সরঞ্জামের ব্যবহার নিষিদ্ধ করা হবে।