Advertisement
E-Paper

নিট পিজি ২০২৬, স্মৃতি থেকেও আলোচনা করা যাবে না কোনও প্রশ্নের! পরীক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা কর্তৃপক্ষের

দুই কেন্দ্র মিলিয়ে মোট ২,৪৪৫ জন প্রার্থী সমস্যার মুখে পড়েছিলেন। তাঁদের রাজস্থানের জয়পুরে আইওন ডিজিটাল জোন আইডিজেড সিতাপুরার ৪১৬৮২ ও ৪১৬৮৩ নম্বর কেন্দ্রে পুনঃপরীক্ষায় বসার ব্যবস্থা করেছে বোর্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:১৩
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিট পিজি পরীক্ষার্থীদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা জারি করল ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। গত অগস্ট আয়োজিত ওই পরীক্ষায় যাঁরা বসেছিলেন, তাঁরা কোনও ভাবেই প্রশ্নের সংকলন তৈরি করে প্রকাশ করতে পারবেন না। প্রকাশ্যে কোনও আলোচনাও করা যাবে না।

নিট ইউজি ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিতর্ক। একাধিক সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে। তার পরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)পরিচালন ব্যবস্থা ও স্বচ্ছতা ফেরাতে তিন আধিকারিক নিয়োগ করে। দু’জন ডিরেক্টর এবং একজন জয়েন্ট ডিরেক্টর পদে শীর্ষ আধিকারিকদের নিয়োগ করা হয়েছিল। এ বার নিট পিজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করল ন্যাশনাল বোর্ড অব এগজামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)।

বলা হয়েছে, ৩০ অগস্ট অনুষ্ঠিত পরীক্ষা যাঁরা দিয়েছিলেন তাঁরা স্মৃতি থেকেও কোনও প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবেন না। ওই প্রশ্ন কারও থেকে চাওয়া, সংকলন, পুনরুৎপাদন বা প্রচার করাতেও নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ড। পরীক্ষার্থী, শিক্ষক, প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্টদের এই নির্দেশ মেনে চলতে হবে।

এনবিইএমএস জানিয়েছে, এ ধরনের প্রশ্ন প্রকাশ বা প্রচার করলে তা ‘নিট পিজি ২০২৬’-এর তথ্যপুস্তিকায় উল্লেখিত গোপনীয়তা চুক্তি লঙ্ঘন করা হয়। বোর্ডের নিজস্ব হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে প্রকাশিত বার্তায় সংশ্লিষ্টদের পরীক্ষার গোপনীয়তা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া, প্রযুক্তিগত সমস্যার কারণে পরীক্ষা শেষ করতে না-পারা প্রার্থীদের জন্য পুনঃপরীক্ষার দিন ঘোষণা করেছে এনবিইএমএস। ৫ সেপ্টেম্বর বিকেল ৩টে থেকে এই পরীক্ষা নেওয়া হবে। দুই কেন্দ্র মিলিয়ে মোট ২,৪৪৫ জন প্রার্থী সমস্যার মুখে পড়েছিলেন। তাঁদের রাজস্থানের জয়পুরে আইওন ডিজিটাল জোন আইডিজেড সিতাপুরার ৪১৬৮২ ও ৪১৬৮৩ নম্বর কেন্দ্রে পুনঃপরীক্ষায় বসার ব্যবস্থা করেছে বোর্ড।

পরীক্ষা চলাকালীন বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার পর জয়পুরের অতিরিক্ত জেলাশাসক নরেন্দ্র বর্মা জানান, টিসিএস-এর প্রযুক্তিগত দল, এনবিইএমএস আধিকারিক, ফ্লাইং স্কোয়াড, বিদ্যুৎ সরবরাহ ও পরিদর্শন দলের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করেছেন । বার বার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার ফলেই সুষ্ঠু ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। প্রার্থীরা যাতে বঞ্চিত না হন, সেই কারণেই ৫ সেপ্টেম্বর পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

অন্য দিকে, প্রযুক্তিগত সমস্যার কারণে পরীক্ষা শেষ করতে না-পারা প্রার্থীদের জন্য আয়োজিত পুনঃপরীক্ষাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের হয়েছে। তবে শুনানির সময় বেঞ্চ জানিয়েছে, নিট-সংক্রান্ত বিষয়গুলি বিচারপতি পিএস নরসিমহার নেতৃত্বাধীন নির্ধারিত বেঞ্চে শুনানি হচ্ছে।

NTA NEET PG Re-exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy