ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর কমব্যাট এয়ারক্রাফ্ট সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন সেন্টার। বিই/বিটেক এবং এমএসসি-র যোগ্য পড়ুয়ারা এই অর্থপ্রাপ্ত ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
আসনের সংখ্যা
মোট ৩০টি আসনে ইন্টার্ন নেওয়া হবে। এর মধ্যে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে ১২টি, কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজিতে ১৩টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি আসন রয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১১ অক্টোবর। আগ্রহী প্রার্থীদের ডিআরডিও-র নিজস্ব ওয়েবসাইট drdo.gov.in-এ দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন করতে হবে।
যোগ্যতা
১। ইন্টার্নশিপে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির শেষ বর্ষের বিই/বিটেক পড়ুয়া এবং স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের এমএসসি পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
২। ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের আগের সমস্ত সেমেস্টারে ন্যূনতম ৭.৫ সিজিপিএ এবং সায়েন্সে স্নাতকোত্তর পড়ুয়াদের প্রথম বর্ষের পরীক্ষায় অন্তত ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।
৩। সংশ্লিষ্ট বিষয়ে এআইসিটিই বা ইউজিসি অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সময়ের কোর্সে পড়াশোনা করতে হবে।
৪। আবেদনকারীর বয়স ২৫ বছরের কম হওয়া প্রয়োজন।
স্টাইপেন্ড ও সময়সীমা
ইন্টার্নশিপের মেয়াদ ছ’মাস। ছ’মাসের ইন্টার্নশিপ সম্পূর্ণ করার পরেই পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত ইন্টার্নরা মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। তবে প্রতি মাসে অন্তত ১৫টি কর্মদিবস ল্যাবে উপস্থিত থাকলে তবেই স্টাইপেন্ড মিলবে। ছ’মাসের জন্য স্টাইপেন্ড দুটি কিস্তিতে দেওয়া হবে— প্রথম তিন মাস শেষে প্রথম কিস্তি এবং ছ’মাস সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কিস্তি।
আবেদন করবেন কী ভাবে?
১। প্রথমে ডিআরডিও-র নিজস্ব ওয়েবসাইট drdo.gov.in-এ যেতে হবে।
২। এরপর হোমপেজে ‘DRDO Internship 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। নতুন পেজ খুললে সেখানে থাকা আবেদনপত্র পূরণ করতে হবে।
৪। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সম্পূর্ণ করার পর hrd.casdic@gov.in ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন করার আগে যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য নির্দেশিকা ভাল ভাবে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।