কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)। সংস্থার বিভিন্ন বিভাগে একাধিক কর্মী প্রয়োজন। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণ দেওয়া হবে। শূন্যপদ ১১৬টি।
উল্লিখিত সংস্থায় জুনিয়র এগ্জ়িকিউটিভ, সিনিয়র অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, চিফ ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, চিফ জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করা হবে। উল্লিখিত পদে ২৫ থেকে ৫০ বছর বয়সি ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
এ ক্ষেত্রে প্রার্থীদের অর্থনীতি, ইকনোমেট্রিক্স, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়াও উল্লিখিত পদে কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থায় অন্তত দু’বছর থেকে ২০ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্তদের প্রতি মাসের বেতন ৬০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
ইন্টারভিউ, লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে লিখিত পরীক্ষা হতে পারে। এর জন্য আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ১,১৮০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ২০ জুলাই।