বিদ্যুৎচালিত রেললাইনে ২৫ কেভি বৈদ্যুতিক তারের নীচে দাঁড়িয়ে রেল ওয়াগন থেকে কয়লার নমুনা নেওয়ার সময় কর্মীদের কী ভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে গবেষণা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যে গবেষণাটি দামোদর ভ্যালি কর্পোরেশনের অর্থানুকূল্যে চালিত। এই গবেষণার স্বার্থেই প্রতিষ্ঠান খুঁজছে ইন্টার্ন। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
ইন্টার্নকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। প্রথমে গবেষণার কাজের মেয়াদ থাকবে তিন মাস। যদিও প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই, বিটেক অথবা এমই, এমটেক ডিগ্রি থাকতে হবে এবং ইন্টারভিউয়ের দিন বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। উচ্চ ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং, উচ্চ ভোল্টেজ সরঞ্জামের অবস্থা পর্যবেক্ষণ এবং তথ্য বিশ্লেষণ বিষয়ে পড়াশোনা বা প্রকল্পের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি ম্যাটল্যাব, পাইথন এবং মেশিন লার্নিংয়ের বিভিন্ন সফটওয়্যার ও টুল ব্যবহারের প্রাথমিক দক্ষতা থাকাও প্রয়োজন।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৫ অক্টোবর বেলা আড়াইটে থেকে ইন্টারভিউ শুরু হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (jadavpuruniversity.in) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এ ছাড়াও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলিও জানা যাবে।