সুইডেনে ইউনিসেফের অফিস অফ ইনোভেশনের তরফে ভেঞ্চার ফান্ড ইন্টার্নশিপ ২০২৬-এর জন্য আবেদন গ্রহণ করছে ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)। এই ইন্টার্নশিপের মেয়াদ ছয় মাস। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬।
প্রার্থীরা অফিসে উপস্থিত থেকে অথবা বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন। পড়ুয়া এবং সদ্য স্নাতক প্রার্থীরা ইউনিসেফের ভেঞ্চার ফান্ড দলের সঙ্গে কাজ করে গবেষণা, স্টার্ট-আপ মূল্যায়ন, পোর্টফোলিও পরিচালনা এবং উদ্ভাবন ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কাজে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
কারা আবেদন করতে পারবেন
আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। তাঁকে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে হবে অথবা গত দুই বছরের মধ্যে স্নাতক হয়ে থাকতে হবে। ব্যবসা প্রশাসন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভাবন, জনপ্রশাসন এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আবেদনকারীর ইংরেজিতে ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং স্বাধীন ভাবে বিভিন্ন দায়িত্ব সামলানোর সক্ষমতা থাকতে হবে। জাতিসংঘের অন্যান্য সরকারি ভাষা জানা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
কী কাজ করতে হবে
নির্বাচিত প্রার্থীরা ইউনিসেফ ভেঞ্চার ফান্ড দলের সঙ্গে স্টার্ট-আপ এবং প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কাজে যুক্ত থাকবেন। তাঁদের দায়িত্বের মধ্যে স্টার্ট-আপ নিয়ে গবেষণা করা, আবেদন পর্যালোচনা করা, গবেষণার উপকরণ তৈরি করা, পোর্টফোলিও পরিচালনায় সহায়তা করা এবং ইউনিসেফের বিভিন্ন দেশের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত কাজেও সহযোগিতা করতে হতে পারে।
আরও পড়ুন:
বৃত্তি
ইউনিসেফ জানিয়েছে, নির্বাচিত ইন্টার্নদের মাসিক বৃত্তি দেওয়া হবে। তবে সংশ্লিষ্ট শূন্যপদের বিজ্ঞপ্তিতে স্টাইপেন্ডের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হয়নি। ইন্টার্নদের যাতায়াত ও থাকার খরচ ইউনিসেফ বহন করবে না। এ ছাড়াও নিজেদের ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের ব্যবস্থা করতে হবে এবং ইন্টার্নশিপের সময় ও নির্দিষ্ট কর্মস্থলের জন্য মেডিক্যাল ইনশিওরেন্সও থাকতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
১. ইউনিসেফের নিজস্ব কেরিয়ার ওয়েবসাইটে যেতে হবে।
২. ভেঞ্চার ফান্ড ইন্টার্নশিপ ২০২৬-এর শূন্যপদটি খুঁজে নিতে হবে।
৩. নির্ধারিত তথ্য দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
৪. প্রয়োজনীয় নথি ও তথ্য জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬।