রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি (আন্ডারগ্র্যাজুয়েট) বা এনটিপিসি-এর বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে মোট ১,৬৮৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ট্রেনস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ হবে। দশম ও দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরা যোগ্যতা অনুযায়ী এই পদে আবেদন করতে পারবেন। আরআরবি-এর নিজস্ব ওয়েবসাইট rrb.indianrailways.gov.in –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৫ অক্টোবর এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ নভেম্বর।
পে লেভেল
নির্বাচিত প্রার্থীদের পে লেভেল-২ অনুযায়ী ১৯,৯০০ টাকা এবং পে লেভেল-৩ অনুযায়ী ২১,৭০০ টাকা বেতন দেওয়া হবে। বেতন কাঠামো সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন (সিপিসি) অনুযায়ী নির্ধারিত হয়েছে।
কমিশন জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ভারতের যে কোনও প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে।
আবেদন ফি
সাধারণ শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ফি ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে প্রথম পর্যায়ের কম্পিউটার বেস্ড টেস্ট (সিবিটি), দ্বিতীয় পর্যায়ের সিবিটি এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আরআরবি-র বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের আবেদন করার সময় আধার ব্যবহার করে নিজেদের প্রাথমিক তথ্য যাচাই করাতে হবে। আধার যাচাই সফল করতে আধারে থাকা প্রার্থীর নাম ও জন্মতারিখের সঙ্গে দশম শ্রেণির শংসাপত্রে থাকা পূর্ণ নাম ও জন্মতারিখের মিল থাকা প্রয়োজন। পাশাপাশি, আবেদন করার আগে আধারে সর্বশেষ ছবি এবং বায়োমেট্রিক তথ্য, অর্থাৎ আঙুলের ছাপ ও আইরিস আপডেট করে নিতে হবে।