Advertisement
E-Paper

বড়পর্দায় নতুন আঙ্গিকে ‘হীর-রাঞ্ঝা’, নায়ক কি রোহিত সরাফ? কী বললেন পরিচালক সাজিদ আলি?

‘লায়লা মজনু’ মুক্তির কয়েক বছর পরে আবার এক কালজয়ী প্রেমকাহিনি নিয়ে ফিরছেন পরিচালক সাজিদ আলি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৬ ২২:০৫
'হীর-রাঞ্ঝা'-র নায়ক কী রোহিত সরাফ?

'হীর-রাঞ্ঝা'-র নায়ক কী রোহিত সরাফ? ছবি: সংগৃহীত।

চিরকালীন প্রেমের গল্পকে আধুনিক প্রজন্মের মনের মতো করে গড়ে তুলতে চান বর্তমান পরিচালকেরা। ‘লায়লা মজনু’ মুক্তির কয়েক বছর পরে আবার এক কালজয়ী প্রেমকাহিনি নিয়ে ফিরছেন পরিচালক সাজিদ আলি। তাঁর আগামী ছবি ‘হীর-রাঞ্ঝা’ ঘোষণা হওয়ার পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। বিশেষ করে ছবির নায়ক-নায়িকা কারা হবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বলিউডের অন্দরে খবর ছিল, অভিনেতা রোহিত সরাফ নাকি ছবির জন্য চূড়ান্ত হয়েছেন। এ-ও খবর ছিল, খুব শিগগির শুটিংও শুরু করবেন তিনি নতুন ছবির। তবে এ বার সেই জল্পনায় জল ঢাললেন পরিচালক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাজিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘হীর-রাঞ্জা’র কাস্টিংয়ের কাজ এখনও শেষ হয়নি। রোহিত সরাফকে নিয়ে এই খবরও গিয়েছে পরিচালকের কানে। তিনি বলেন, যে খবর ছড়িয়েছে তা সত্যি নয়। পরিচালকের কথায়, পুরনো একটি খবর নতুন করে ছড়িয়ে পড়েছে। কোথা থেকে এই গুঞ্জনের সূত্রপাত, সেটাও তাঁর অজানা। আর শুধু নায়ক নন, এই ছবির নায়িকার নামও এখনও চূড়ান্ত হয়নি, এমনই দাবি পরিচালকের। আগে শোনা গিয়েছিল, এই ছবির নায়িকা হিসেবে কোনও নতুন মুখকেই বেছে নেওয়া হবে। অডিশনও হবে এই নায়িকাকে বেছে নেওয়ার জন্য। তবে এখনও নাকি সেই সিদ্ধান্তে সিলমোহর পড়েনি।

পরিচালক জানিয়েছেন, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে খুব তাড়াতাড়ি কাস্টিং চূড়ান্ত হবে। আগামী অক্টোবরের মাঝামাঝি ছবির শুটিং শুরুর ইচ্ছে রয়েছে তাঁদের। উত্তরাখণ্ডের দেহরাদূনে প্রথম পর্যায়ের শুটিং হওয়ার ভাবনা রয়েছে। তার আগে কাস্টিং, প্রি-প্রোডাকশন এবং বাকি সব প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ করা হবে।

অন্য দিকে প্রযোজকদের দাবি, ‘লায়লা মজনু’র মতোই আবেগ ও প্রেমের ধারাকেই নতুন ভাবে এগিয়ে নিয়ে যাবে ‘হীর-রাঞ্ঝা’। ছবির নাম ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বর্তমান প্রজন্মের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আরও এক নতুন প্রেমের গল্প আগ্রহ বাড়িয়ে দিয়ে যাচ্ছে সিনেমাপ্রেমীদের।

Bollywood Love Story New Hindi Movie Actor Sajid Ali

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy