শহরের কিছু রাস্তা কেবলমাত্র গন্তব্যে নয়, কখনও কখনও ফিরিয়ে নিয়ে যায় ইতিহাসেও। এক একটি রাস্তা অথবা পাড়ার নাম কেবল ঠিকানা নয়, হয়ে ওঠে ইতিহাসের দলিল। আপাত দৃষ্টিতে এই নামগুলিকে দেখে নিছকই ‘প্রচলিত’ বলে মনে হলেও আসলে এর গভীরে রয়েছে নামকরণের সার্থকতা। কখনও কখনও দেখা যায়, এই নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে কোনও সম্প্রদায় অথবা তাঁদের পেশা।
চেনা কলকাতা এবং তার আশেপাশের এমন বহু এলাকা রয়েছে, যাদের নামকরণ হয়েছে সেখানে বসবাসকারী মানুষের পেশা থেকে। কালের নিয়মে পেশা বদলে গেলেও ইতিহাসের সাক্ষী হিসেবে রয়ে গিয়েছে সেই নামগুলি।
দুর্গাপুজোর আমেজের সঙ্গে যে এলাকার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তা হল কুমোরটুলি। এই ‘কুমোর’ কথার অর্থ মৃৎশিল্পী এবং ‘টুলি’ বা ‘টোলা’র অর্থ হল বসতি। সেই থেকেই এই মৃৎশিল্পীদের পাড়ার নাম ‘কুমোরটুলি’। একইভাবে নামকরণ হয়েছে ‘আহিরিটোলা’রও। এখানকার প্রতিটা বাঁকে রয়েছে দুধওয়ালা বা গোয়ালাদের স্মৃতি। ‘আহির’ ছিল গোয়ালা বা দুধ ব্যবসার সঙ্গে যুক্ত একটি সম্প্রদায়ের নাম। এক সময়ে তাঁদের বসবাসের এলাকার নামই হয়ে ওঠে ‘আহিরিটোলা’। প্রসঙ্গত উঠে আসে ‘কলুটোলা’র নাম। ‘কলু’ ছিলেন তেল উৎপাদনকারী সম্প্রদায়ের মানুষ। বর্তমানে এই কলুটোলায় কাঠের ঘানির শব্দ না শোনা গেলেও নাম রয়ে গিয়েছে ইতিহাসের জীবন্ত উদাহরণ হিসেবে। একইভাবে পেশার ধরন বদলালেও ‘জেলিয়াপাড়া’ বা ‘জেলেপাড়া’ মনে করিয়ে দেয় পূর্বের নদীকেন্দ্রিক জীবনযাত্রার কথা। যা এক সময়ে ছিল শহরের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। এমন বহু অজানা তথ্য এবং নামের হদিস মিলবে আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ’ খেলায়।
মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও 'শব্দ-জব্দ' নিয়ে হাজির আনন্দবাজার ডট কম। আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬'-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।