Advertisement
E-Paper

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, স্ট্রোকের ঝুঁকি কমাতে রোজ সকালে ও বিকেলে অভ্যাস করতে পারেন ৩ আসন

বয়স বাড়লে ডায়াবিটিস, কোলেস্টেরলের সমস্যা মাথাচাড়া দিতে থাকে। উচ্চ রক্তচাপও চোখ রাঙায়। সঙ্গে যোগ হয় মানসিক অবসাদ। এ সব কিছুর কারণে স্ট্রোক হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। যোগাসন অভ্যাসে সে আশঙ্কা দূর হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ২০:২৯
ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমবে কোন কোন আসন অভ্যাসে?

ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমবে কোন কোন আসন অভ্যাসে? ছবি: এআই সহায়তায় তৈরি।

মস্তিষ্কে কখন রক্ত জমাট বাঁধবে, তা আগে থেকে বলা সম্ভব নয়। তাই ব্রেন স্ট্রোক বলেকয়ে আসে না। আচমকাই হানা দেয় ও সামলানোর সময়টুকু পাওয়া যায় না। স্ট্রোকের ঝুঁকি এখন কমবয়সিদেরই বেশি, এমনটাই বলছেন চিকিৎসকেরা। উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবিটিস, রক্তে অতিরিক্ত খারাপ কোলেস্টেরল, ধূমপান, স্থূলতা এবং অতিরিক্ত মানসিক চাপ ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে অনেকটাই। ব্রেন স্ট্রোকের পরে শরীরের অসাড়তা বেড়ে যায়। কারও শরীরের এক দিক অসাড় হয়ে যায়। সে ক্ষেত্রে নানা রকম ফিজিয়োথেরাপি করে রোগীকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হয়। তাই আগে থেকেই সতর্ক হতে হবে। নিয়মিত যোগাসন অভ্যাস করলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়ন্ত্রণে থাকবে মানসিক চাপও।

তুলাদণ্ডাসন

প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। পিঠ টানটান থাকবে। এ বার শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপর তুলুন। মেরুদণ্ড সোজা রেখে সামনের দিকে ঝুঁকতে হবে। এই সময়ে গভীর ভাবে শ্বাস নিতে হবে।শরীর ঝোঁকানোর সময়ে ডান অথবা বাঁ পা মাটি থেকে তুলে নিয়ে পিছনের দিকে নিয়ে যেতে হবে। অন্য পা থাকবে মাটিতে। একটি পায়ে গোটা শরীরের ভার বইতে হবে। শুরুতে সমস্যা হলেও, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। শরীর সামনের দিকে যতটা ঝোঁকাবেন, পা পিছনের দিকে ততটাই তুলতে হবে। অর্থাৎ, হাত, ঘাড়, পিঠ, কোমর এবং পা যেন একটি সরলরেখায় থাকে। এই অবস্থানে থাকুন ৩০ সেকেন্ড। অভ্যাস হয়ে গেলে ১ মিনিট। পরে পা বদলে ফের আসনটি অভ্যাস করতে হবে।

ধনুরাসন

পেট উপুড় করে শুয়ে পড়ুন। তার পর হাঁটু ভাঁজ করে পায়ের পাতা যতখানি সম্ভব পিঠের উপর নিয়ে আসুন। এ বার হাত দু’টি পিছনে নিয়ে গিয়ে গোড়ালির উপর শক্ত করে চেপে ধরুন। চেষ্টা করুন পা দু’টি মাথার কাছাকাছি নিয়ে আসতে। এই ভঙ্গিতে মেঝে থেকে বুক হাঁটু এবং ঊরু উঠে আসবে। তলপেট এবং পেট মেঝেতে রেখে উপরের দিকে তাকান। এই ভঙ্গিতে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ড থাকুন। তার পর পূর্বের ভঙ্গিতে ফিরে যান। এই আসন বার তিনেক করতে পারেন।

বীরভদ্রাসন

প্রথমে দুই পা দু’দিকে পর্যাপ্ত ব্যবধানে রেখে সোজা হয়ে দাঁড়ান। দু’হাত কান বরাবর উপরের দিকে তুলে নমস্কারের ভঙ্গি করুন। কোমর থেকে দেহের উপরিভাগ এক দিকে ঘুরিয়ে নিন। যে পাশে ঘুরছেন, সেই পাশের হাঁটু ধীরে ধীরে ভাঁজ করুন। পিছনের পা ও শরীর সোজা রেখে উপরের দিকে তাকান। ২০ সেকেন্ড স্থির হয়ে থেকে ২০ সেকেন্ড বিশ্রাম নিন, তার পর অন্য দিকে আবার করুন ২০ সেকেন্ডের জন্য।

Brain Stroke Yoga poses

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy