পাক অধিকৃত কাশ্মীর থেকে রাতের অন্ধকারে নিয়ন্ত্রণরখার কাঁটাতার টপকে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ঢুকে পড়েছিলেন ১৭ বছরের এক তরুণী! টহলদার সেনা জওয়ানরা আটক করেন তাঁকে। এর পরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই তরুণী পাক অধিকৃত কাশ্মীরের কোটলি জেলার খুইরেট্টা গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, পথ ভুল করে শুক্রবার রাতে নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেয়িয়ে জম্মু ও কাশ্মীরে ঢুকে পড়েছিলেন তিনি। এক পুলিশকর্তা বলেছেন, ‘‘গোয়েন্দারা এখন তদন্ত করে দেখছেন, এটি সত্যিই অনিচ্ছাকৃত ভাবে সীমান্ত অতিক্রমের ঘটনা, না কি ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের নেপথ্যে ওই তরুণীর কোনও অসৎ উদ্দেশ্য ছিল।’’
আরও পড়ুন:
সেনা সূত্রের খবর, রাজৌরি জেলার নওশেরার লাম সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাঁটাতারের বেড়ার কাছে শুক্রবার রাতে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন ওই তরুণী। বিষয়টি সেনার টহলদার দলের নজরে আসায় তাঁকে আটক করা হয়। ঘটনাস্থলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তাঁর নাম সামিয়া আজ়িম। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার পরে রাজৌরির নিয়ন্ত্রণরেখায় নজরদারি বাড়িয়েছে সেনা।